ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, অবহেলার অভিযোগ
অস্ত্র মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে।
আহত অবস্থায় আটক ওই যুবককে যথাযথ চিকিৎসা না দিয়ে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
আব্দুল আলীম রানাকে (৩২) শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার জাহাঙ্গীর কবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আহত অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি রানাকে কারাগারে পাঠানো হয়। আজ (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানান।”
রানাকে গুরুতর আহ্ত অবস্থায় ধরে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে পুলিশ রিমান্ডে নেয় বলে তার বাবা মোহাম্মদপুরের বাসিন্দা ইসমাইল আকন্দের অভিযোগ।
তবে অভিযোগ অস্বীকার করে রানাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর।
রানাকে ‘ছিনতাইকারী’ হিসেবে উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৯ ফেব্রুয়ারি রাতে কয়েকজন সহযোগীকে নিয়ে বড় ধরনের অপরাধ সংঘটনের জন্য তিনি জেনেভা ক্যাম্প এলাকায় মটরসাইকেলে করে ঘোরাঘুরি করছিল।
“এসময় ক্যাম্পের লোকজন তাকে মারধরের পর পুলিশকে খবর দিলে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়।”
তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে ওসি জামাল বলেন, “রিমান্ডে থাকার সময়েও কিডনি সমস্যাজনিত কারণে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, রানার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল।
তবে রানার বাবা ইসমাইলের দাবি, এক মাদক ব্যবসায়ী তার ছেলেকে ধরে নিয়ে মারধরের পর তাকে ফাঁসাতে তার হতে অস্ত্র ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৯ ফেব্রুয়ারি রাতে মোজাম্মেল নামে এক পরিচিত লোক রানাকে ফোন করে কান্নাকাটি করে জানায়, জেনেভা ক্যাম্পে তাকে আটকে রেখেছে, রানা গেলে ছেড়ে দেবে।
“এই ফোন পাওয়ার পরই রানা জেনেভা ক্যাম্পে গেলে পচিশ নামে এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা মিলে বেধড়ক পেটায় এবং বিবস্ত্র করে একটি অস্ত্র হাতে ধরিয়ে পাশের ডাস্টবিনে ফেলে রাখে। পরে তারাই পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয়।”
রানার বিরুদ্ধে আগের কোনো মামলা ছিল কিনা তা জানাতে পারেননি ওসি জামাল।
