বাঁধাই শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পুস্তক বাঁধাই শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ পুস্তক বাঁধাই শ্রমিক ফেডারেশন।
শুক্রবার বিকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফেডারেশনের আহ্বায়ক জামিল ভূঁইয়া অভিযোগ করেন, সোমবার মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সূত্রাপুর থেকে প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করার কারণে পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কচি শ্রমিক নেতাদের ফোন করে সমিতির কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে।
তিনি বলেন, “শুধু ওইদিনের মারধর করেই তারা থামেনি, পরদিন পদযাত্রায় যাওয়া শ্রমিকদের কারখানায় খুঁজে বের করে তাদের ওপর হামলা চালিয়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলেও প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।”
“দ্রুত শ্রমিকদের উপর হামলার বিচার করতে হবে।”
শ্রমিক ছাঁটাই বন্ধ করা, দৈনিক ৮ ঘণ্টার মজুরি ২৫০ টাকা দেওয়া, সবেতনে সাপ্তাহিক ও সরকার অনুমোদিত ছুটি দেওয়া এবং দুর্ঘটনায় ক্ষতিপূরণের নীতিমালা প্রণয়নের দাবিতে সোমবার শ্রমিকরা পুরান ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
পরে পদযাত্রা নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
ওইদিন সন্ধ্যায় বাংলাবাজার এলাকায় বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শ্রমিকদের ডেকে নিয়ে মালিকরা মারধর করে। পরদিনও পুরান ঢাকার শ্যামবাজার, ফরাশগঞ্জ, বাংলাবাজার ও কাগজীটোলার বিভিন্ন কারখানায় গিয়ে ব্যবসায়ী সমিতির নেতারা আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।
তবে শ্রমিকদের মারধরের বিষয়ে কিছুই জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কচি।
বাহাদুর শাহ পার্কের সমাবেশে সংহতি জানান বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সুত্রাপুর থানা শাখার নেতা জাহিদুল ইসলাম খান, কমিউনিস্ট লীগ নেতা তৈয়মুর আলম অপু, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা।
