বৃষ্টির কবলে বইমেলা, ফটক খুলল আড়াই ঘণ্টা পর
ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টিতে অমর একুশে বইমেলার ভেতরে পানি জমা ও বিভিন্ন স্টল ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৪তম দিনে বুধবার মেলার ফটক খুলেছে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর।
ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে বইমেলা শুরু হয় বিকাল ৩টায়, চলে রাত ৮টা পর্যন্ত। তবে বৃষ্টির কারণে বুধবার তা সাময়িক বন্ধ থাকার পর চালু হয় বিকাল সাড়ে ৫টায়।
এর আগে বিকাল ৩টার দিকে মেলা সাময়িকভাবে বন্ধ রাখার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
ওই সময় তিনি বলেন, “বুধবার দুপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে যথাসময়ে মেলা চালু করা সম্ভব হয়নি। প্রথম দফা বৃষ্টির পর জমে থাকা পানি নিষ্কাষণ করার চেষ্টা করছিলাম, কিন্তু দ্বিতীয় দফার বৃষ্টিতে বুধবার মেলা চালু করতে পারব কিনা তা বলছে পারছিনা।”
এ সময় তথ্যকেন্দ্র থেকেও ঘোষণা আসতে থাকে মেলা চালুর।
প্রতিদিনই মেলার দ্বার উন্মুক্ত হওয়ার আগ থেকে ফটকে দর্শনার্থীদের জটলা থাকে। এদিনও তার ব্যতিক্রম দেখা যায়নি।
মেলায় ঢুকতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে অনেক বইপ্রেমীকে। ফটক খোলার পর তারা কিছুটা অস্বস্তি নিয়ে সারিবদ্ধভাবে ঢোকেন আগের মতো।
পূবালী লঘুচাপের প্রভাবে বুধবার ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর আগেই দিয়ে রেখেছিল। সকাল থেকে তপ্ত রোদের পর মাঝ দুপুরে আঁধার ঘনায় রাজধানীতে।
ঝড়ো হাওয়ার মধ্যে উড়তে থাকে ধুলা, ঝরা পাতা। আলো কমে আসায় জ্বলে ওঠে গাড়ির হেডলাইট। মুষলধারে বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির পর সরেজমিনে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে বাংলা একাডেমি প্রাঙ্গণের ভেতর এবং মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থীদের হাঁটাপথের বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে।
ঝড়ো হাওয়ায় উদ্যান অংশের অনেকগুলো স্টল ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। স্বাধীনতা স্তম্ভের দিকটার অংশের একটি একটি বেষ্টনী ভেঙে গেছে।
উদ্যান অংশের কালি মন্দিরের সামনে পানি জমেছে বেশি, সেখানে পানি সেচ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনেও একই কাজে ব্যস্ত ছিলেন তারা।
ভেজা বইয়ের পানি মোছা, ভেজা বই আলাদা করা এবং স্টল গোছাতে ব্যস্ত দেখা গেছে স্টল ব্যবস্থাপকদের। কেউ কেউ স্টলের দিকে যাওয়ার জন্য ইট বসানোর ব্যবস্থা করছেন।
মিজান পাবলিশার্সের কর্ণধার মিজানুর রহমান পাটোয়ারি বলেন, “বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তার স্টলের উপরের অংশ ভেঙে পড়েছে। ভিজে গেছে স্টলে সাজিয়ে রাখা সব বই। হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হওয়ায় স্টল থেকে বই সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।”
অন্যপ্রকাশের স্টলের উপরে লাগানো হুমায়ূন আহমেদের বড় প্রতিকৃতিটি ভেঙে গেছে। স্টলের বইও ভিজে গেছে বেশি সংখ্যায়।
সেখানকার বিক্রয় ব্যবস্থাপক মশিউজ্জামান রিপন বলেন, “ডিসপ্লেতে থাকা প্রায় ৬০ শতাংশ বই বৃষ্টিতে ভিজে গেছে।”
সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ ও উন্মুক্ত মঞ্চ এলাকার নিচু জায়গার স্টলগুলোর সামনে পানি জমেছে বেশি।
বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার মূলমঞ্চের সামনের সামিয়ানা ছিড়ে গেছে। স্টেজ ক্ষতিগ্রস্ত ও সামনের এলাকায় কাদা জমায় মূলমঞ্চের স্থান পরিবর্তন করে আনা হয় একাডেমির শহীদুল্লাহ ভবনের চারতলায় সভাকক্ষে। সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কবি শামসুর রাহমান মিলনায়তনে।
অন্বেষা প্রকাশনীর কর্ণধার শাহাদাত হোসেন বলেন, “বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়েছে। স্টলের মেঝেতে রাখা সব বই ভিজে গেছে।”
