২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝদুপুরে শিলা বৃষ্টি: ১৩ স্বাস্থ্যকর্মী হাসপাতালে

ফাল্গুনের দুপুরে আকাশ কালো করে মেঘ আর ঝড়ো হাওয়ার পর শিলা বৃষ্টি চমকে দিয়ে গেল রাজধানীবাসীকে।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 02:48 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

কমিউনিটি ক্লিনিক বন্ধের পথ ‘বন্ধ’ করছেন শেখ হাসিনা   
চাকরির জাতীয়করণ চান চট্টগ্রামের কম্যুনিটি স্বাস্থ্যকর্মীরা

এরই মধ্যে চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করতে আসা কম্যুনিটি স্বাস্থ্যকর্মীদের ১৩ জন শিলের আঘাতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন হাসপাতালে।

পূবালী লঘুচাপের প্রভাবে বুধবার ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির  পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর আগেই দিয়ে রেখেছিল। সকাল থেকে তপ্ত রোদের পর মাঝ দুপুরে আঁধার ঘনায় রাজধানীতে।

ঝড়ো হাওয়ার মধ্যে উড়তে থাকে ধুলা, ঝরা পাতা। আলো কমে আসায় জ্বলে ওঠে গাড়ির হেডলাইট। মুষলধারে বৃষ্টি শুরু হলে পথচারীদের ছুটতে দেখা যায় ছাউনির খোঁজে।

অবশ্য শহীদ মিনার চত্বরে অনশনে বসা কম্যুনিটি স্বাস্থ্যকর্মীরা মাথা বাঁচাতে পারেননি।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, অনশনে আসা ১৩ জনকে দুপুরে হাসপাতালে আনা হয়। তারা সবাই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)।

আহতরা হলেন- সানজিদা আক্তার (২৪), আকলিমা বেগম (৩০), শিমুল খান (৩০), শরীফ হোসেন (৩২), সুমন (৩১), মফিজুল (৩২), মহিউদ্দিন (৩৭), আক্তার (২৭), রেজাউল করিম (৩০), ফয়সাল (২৫), মাসুদ রানা (৩২), মাহমুদুল আলম (২৫) ও হাবিবুর রহমান (৩২)।

পরিদর্শক মোজাম্মেল বলেন, “শিলার আঘাতে সবার মাথাসহ বিভিন্ন স্থানে ফুলে গেছে। এদের মধ্যে হাবিবুর বেশি আহত হয়েছেন। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।”

চাকরি জাতিয়করণের দাবিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৭০-৮০জন কম্যুনিটি স্বাস্থ্যকর্মী ওই অনশনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।