২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির জাতীয়করণ চান চট্টগ্রামের কম্যুনিটি স্বাস্থ্যকর্মীরা

চাকরির জাতীয়করণের দাবিতে জানিয়েছেন চট্টগ্রামের কম্যুনিটি স্বাস্থ্যকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 07:23 PM

Updated : 12 Oct 2022, 04:15 PM

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন এ মানববন্ধন করে।

এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের পক্ষে সংবাদ সম্মেলনও করা হয়।

লিখিত বক্তব্যে সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন বলেন, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম গতিশীল করতে ২০১১ সালে প্রধানমন্ত্রীর চেষ্টায় ১৩ হাজার ৮৬১ জন সিএইচসিপি নিয়োগ দেওয়া হয়।

গত ২২ অগাস্ট জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিককে ট্রাস্ট আইনের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রস্তাবিত ট্রাস্ট আইনের ২২-ঘ ধারায় বলা হয়, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় ‘কমিউনিটি বেজড হেলথ কেয়ার’ অপারেশনাল প্ল্যানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি ক্লিনিকে কর্মরত সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের চাকরি অপারেশন প্ল্যানের মেয়াদ শেষে ট্রাস্টে ন্যস্ত হবে।

তবে শর্ত থাকে যে, বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের যোগ্যতা পুনঃযাচাই করে শর্তে ও বেতনে নিযুক্ত করার ক্ষমতা ট্রাস্ট সংরক্ষণ করবে।

নাঈম উদ্দিন বলেন, “ট্রাস্ট আইনের ২২-ঘ ধারাটি সিএইচসিপিদের জন্য আত্মঘাতী। অধিকাংশ সিএইচসিপির সরকারি চাকরি পাওয়ার বয়সসীমা অতিক্রম হয়ে গেছে। যদি চাকরি জাতীয়করণ না হয় তা হলে আমরা গভীর অন্ধকারে পতিত হব।”

অবিলম্বে চাকরি জাতীয়করণ এবং ট্রাস্ট আইনের ২২-ঘ ধারা বাতিলের দাবি জানান নাঈম উদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, নুপুর আক্তার চৌধুরী, নিম্মি চাকমা, জানে আলম ও জ্ঞানবিন চাকমা।