হবিগঞ্জের শিশু খুনের দ্রুত বিচার দাবি
হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে বলেন, বাহুবলের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গোটা জাতির জন্য মানবিক বিপর্যয়ের দুঃখজনক অধ্যায়।
“এই এলাকার মানুষ খুব সাদামাটা। এমন একটি স্থানে গত ১৮ ফেব্রুয়ারি চারটি নিষ্পাপ শিশুর লাশ উদ্ধার হল তখন হাজার হাজার মানুষের বুক ফাঁটা ক্ষোভ ভাষায় প্রকাশ করা যাবে না,” বলেন ওই এলাকার বাসিন্দা কেয়া।
সিলেটের রাজন ও খুলনার রাকিব হত্যার বিচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ঠিক সেভাবেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই চার শিশুকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই, করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বাহুবলে অপহরণের পাঁচ দিন পর ওই শিশুদের মাটিচাপা লাশ পাওয়া যায়। পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে গ্রামের পঞ্চায়েতের প্রভাবের কথাও গণমাধ্যমে আসছে।
পঞ্চায়েত প্রথার সমালোচনা করে সংসদ সদস্য কেয়া বলেন, “কিছু কিছু এলাকায় কিছু ভণ্ড ও ক্ষমতালোভীর প্রশ্রয়ে গডফাদার হয়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে রুখে দাড়াতে হবে।”
