যুব কল্যাণ তহবিল বিল সংসদে
সামরিক শাসনামলে জারি করা ‘ইয়ুথ ওয়েলফেয়ার ফান্ড’ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করার একটি প্রস্তাব উঠেছে সংসদে।
মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ‘যুব কল্যাণ তহবিল বিল-২০১৬’ বিলটি সংসদে উত্থাপন করেন।
পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
উচ্চ আদালতে সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করায় সামরিক আমলের জারিকরা অধ্যাদেশগুলোও বাতিল হয়।
ওই আইনগুলোর কার্যকারিতা রক্ষা করতে পরে নতুন আইন করার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার
বিলে যুব কল্যাণ তহবিল ব্যবস্থপনা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রীকে রাখার বিধান প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে সিলেকশন কমিটি থাকবে। যার প্রধান হচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব।
এ কমিটি অনুদানের জন্য প্রাপ্ত প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করবেন। আর এ সুপারিশ অনুমোদন করবেন পরিচালনা বোর্ড।
