২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমান নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান মন্ত্রীর

খাদ্যমান ঠিক রাখতে না পারলে ‘সব অর্জনই’ ম্লান হবে মন্তব্য করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 07:58 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

সোমবার বাংলাদেশের খাদ্য পরীক্ষাগার সম্পর্কিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের অনেক অর্জন আছে। বাংলাদেশ এখন অনেকটাই স্বনির্ভর। সেটা পদ্মা সেতু নিজেদের অর্থায়নে নির্মাণ, চাল রপ্তানি- এসব থেকে সহজে বোঝা যায়।

“কিন্তু খাদ্যের মান ঠিক রাখতে না পারলে এসব অর্জন ম্লান হবে। আমরা স্বাস্থ্যবান ও নিরোগ ভবিষ্যত চাই।”

জনসাধারণের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব- উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, “সরকার সেটা করেও যাচ্ছে। কিন্তু খাদ্যে মান নিশ্চিত ও উন্নত করার ক্ষেত্রে পরীক্ষাগারগুলোর ভূমিকা রয়েছে।

“আমি আশা করব, যেসব প্রতিষ্ঠান খাদ্যের মান নিয়ে কাজ করছে তারা নিজেদেরকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে।”

বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দেশের খাদ্য পরীক্ষাগারগুলোর আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে করণীয় নির্ধারণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

বিএবি মহাপরিচালক আবু আবদুল্লাহর সভাপতিত্বে এতে বোর্ড পরিচালক মাহবুবুর রহমান জানান, দেশে ১০টি খাদ্য পরীক্ষাগার রয়েছে। এর পাঁচটি সরকারি, দুটি বহুজাতিক কোম্পানির ও তিনটি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের।

কিন্তু এসব প্রতিষ্ঠানে খাদ্যের পারদর্শিতা যাচাইয়ের সুযোগ নেই। তারা কাজটি বিদেশ থেকে করিয়ে আনে এবং তাদের অভ্যন্তরীণ যোগাযোগও কম।

কর্মশালায় খাদ্য পরীক্ষাগার, গবেষণাগার, মানবিষয়ক নীতি নির্ধারক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি গবেষণা বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

খাদ্যমান নিরূপন, খাদ্য মোড়কীকরণ ও লেবেলিং, খাদ্য দূষণ ও ভেজাল প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতার প্রসঙ্গ তুলে বিএবি মহাপরিচালক বলেন, “কেন্দ্রীয়ভাবে এসব কার্যক্রম ও খাদ্যমান নিয়ন্ত্রণে কোনো সংস্থাও নেই।”

কর্মশালায় এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।