২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

রাজধানীর পূর্ব জুরাইনে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 05:40 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

নিহত তাহমিনা আক্তার (১৮) পূর্ব জুরাইনের নোয়াখালী পট্টির ভাড়া বাসায় স্বামী বাদলের (২৪) সঙ্গে থাকতেন।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

সকালে তাহমিনাকে বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের সময় থেকেই তার স্বামী পলাতক রয়েছেন। মৃত্যুর জন্য বাদলকেই দায়ী করেছে তার স্বজনরা।

পুলিশ পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকাল ১১টার দিকে মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি তাহমিনাকে হাসপাতালে আনার পর ১টার দিকে তার মৃত্যু হয়।

“তার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যেখান থেকে রক্ত ঝরছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় পেটানোর চিহ্ন ছিল।”

ওই দম্পতির প্রতিবেশী মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল বেলায় পরিবারসহ বাইরে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে বাসায় ফিরে দেখি, তাদের ঘরের দরজা খোলা; উনি (তাহমিনা) রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।”

হাসপাতালে উপস্থিত তাহমিনার মা মরিয়ম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদল জুরাইন এলাকার একটি সিএনজি পাম্পে চাকরি করে। দেড় মাস আগে তাদের বিয়ে হয়।

ঘটনার জন্য তিনি বাদলকে দায়ী করলেও ঘটনার কারণ জানাতে পারেননি তিনি।