২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমেও ‘ক্লান্তিহীন’ ঘোরাঘুরি

বসন্তের দুপুরে রোদটা বেশ চড়া-ই ছিল শনিবার, আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডেও এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস; কিন্তু সেই রোদের প্রখরতায় আটকায়নি মেলায় বইপ্রেমীদের ঘোরাঘুরি।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 09:36 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

রোদের কারণে কিছুটা অস্বস্তি নিয়ে হলেও দিনের বেলা দর্শনার্থীরা মেলায় এসেছেন, কিনেছেন পছন্দের বই। আবার বিকালের ফাগুন হাওয়ার তালে তারা মেলায় জড়ো হন অধিক সংখ্যায়, মেলার প্রবেশপথে দীর্ঘ সারিও ছিল লক্ষণীয়।

দুপুরের দিকে ছাতা হাতে অনেককে মেলায় দেখা গেছে। শিশুদের নিয়ে একটুখানি ছায়ার খোঁজে ছুটাছুটিও ছিল অনেকের।

সকালে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ছোটদের বিনোদনের জন্য বানানো মঞ্চে শিশুদের কলকাকলি ছিল চোখে পড়ার মতো। টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুরের পাপেট চরিত্র হালুম, ইকরি ও টুকটুকিদের সঙ্গে আনন্দঘন সময় কাটায় তারা।

স্ত্রীকে সঙ্গে নিয়ে শিশুপুত্র আরশাদ আজিজকে কোলে করে মেলায় ঘুরছিলেন এরফানুল আজিজ। আরশাদের জন্য শিশু কর্নার থেকে অনেকগুলো বই কিনে ফেরার পথে কথা হয় সোনালী ব্যাংকের এই কর্মকর্তার সঙ্গে।

এরফানুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে রোদটা এমন যে, মনেই হচ্ছে না এটা বসন্ত। গ্রীষ্মের প্রখর রোদই তো পড়ছে।

“ছুটির দিন, পরিবারের সবাই মিলে মেলায় চলে আসলাম। বের হওয়ার পথে একটু বিশ্রাম নিয়ে বের হব।”

রোদ বাড়ায় মেলায় দর্শনার্থী সমাগমে কোনো প্রভাব পড়েনি বলে মনে করেন অন্বেষা প্রকাশনীর মালিক শাহাদাত হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঙালির প্রাণের মেলায় রোদ কোনো বাধা হতে পারে বলে আমি মনে করি না। অনেক রোদ ছিল, কিন্তু মানুষও তো ছিল।

“বইয়ের প্রতি মানুষের ভালোবাসা থেকে মানুষ মেলায় চলে আসছে। বিক্রিও ভালই হচ্ছে।”

এদিকে একুশে ফেব্রুয়ারির আগের দিন বইমেলায় শহীদ দিবসের আবেশ লক্ষ করা গেছে। শোকের প্রকাশ হিসেবে কালো-সাদার পোশাকে মেলায় আসেন অনেকে।

একুশের দিনে সময় বাড়িয়ে মেলার সময়সূচিতেও কিছুটা পরিবর্তন এনেছে আয়োজক বাংলা একাডেমি। এদিন সকাল ৮টায় মেলা শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

একুশে ফেব্রুয়ারিতে মেলায় ব্যাপক লোক সমাগমের আশায় আছেন প্রকাশনা সংস্থার মালিকরা।

এদিন বইমেলায় অধ্যাপক মুনতাসীর মামুনের বই ‘বাংলাদেশ- রাজনীতি, ধর্ম ও মৌলবাদের বিকাশ’ এসেছে মাওলা ব্রাদার্স থেকে।

তিনি বইটি উৎসর্গ করেছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। লিখেছেন, ‘বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাহসী একজন মানুষ-কে’।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। বইয়ের দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

অমর একুশে বইমেলায় নতুন আসা বইয়ের মধ্যে রয়েছে সালেক খোকনের আদিবাসী বিষয়ক অষ্টম গ্রন্থ ‘আদিবাসী বিয়ে’ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চতুর্থ গ্রন্থ ‘১৯৭১: যুদ্ধাহতের বয়ান’।

বই দুটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৩২৯-৩৩২ ইউনিটের ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’ স্টলে।

অন্যদিকে তরুণ কবি ও কথাসাহিত্যিক মালেক মুস্তাকিমের উপন্যাস ‘দেয়ালমুখী’ এবং কবিতার বই ‘বিষণ্ণতাবিরোধী চুম্বনগুলি’ মেলায় এনেছে অনিন্দ্য প্রকাশ।

শনিবার বইমেলায় নতুন বই এসেছে ১৩৭টি। এর মধ্যে গল্প ১১, উপন্যাস ২০, প্রবন্ধ ৮, কবিতা ৫০, ছড়া ৬, শিশুতোষ ১০, জীবনী ২, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ৪, ভ্রমণ ৩, ইতিহাস ৪, রাজনীতি ১ ও অন্যান্য ১৭।

বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক মফিদুল হক। আলোচনায় অংশ নেন বদিউর রহমান ও গোলাম কুদ্দুছ।