থানায় অভিযোগ করতে এসে মৃত্যু
রাজধানীর কাফরুল থানায় অভিযোগ করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত হুমায়ুন কবিরের বয়স আনুমানিক ৫৪ বছর বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
উত্তর কাফরুলের মিতালি হাউজিং এলাকার বাসিন্দা হুমায়ুন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানায় আসেন বলে উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমায়ুনের বড় বোন তাহমিনা আক্তার মিতালি হাউজিংয়ের একটি বাসায় ভাড়া থাকেন। ভাড়া নিয়ে ওই বাড়ির মালিকের সঙ্গে তাহমিনার কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে জিডি করতে আরেক ছোটবোন নাসিমাকে নিয়ে থানায় আসেন হুমায়ুন।
“আমার সামনের সোফায় বসে ছিলেন দুই ভাই-বোন। এক সময় তিনি পানি খেতে চান। পানি দেওয়া হলে গ্যাসের ওষুধ বের করে খান। এরপর হঠাৎ করেই সামনের দিকে ঝুঁকে পড়ে যান হুমায়ুন। দ্রুত মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হুমায়ুনকে হাসপাতালে নিয়ে যাওয়া উপ-পরিদর্শক মোবারক হোসেন বলেন, ‘হার্ট অ্যাটাকে’ তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হুমায়ুন কবির এক সময় ব্যবসা করলেও বর্তমানে কিছু করতেন না বলে স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান।
তার একটি বাড়ির রয়েছে এবং সেটার ভাড়ার টাকা দিয়ে তিনি সংসার চালাতেন বলে জানান তারা।
