২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্রুপদী সাহিত্যও পড়তে হবে: গুলতেকিন

নিজেদের বিকাশের জন্য তরুণদের বেশি সংখ্যায় বই পড়ার পরামর্শ দিয়েছেন গুলতেকিন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বুধবার বিকালে অমর একুশে বইমেলায় এসে তিনি বলেন, “তরুণদের বিষয়ে কী আর বলব, আমার একটাই উপদেশ থাকবে- তারা যেন বেশি করে বই পড়ে। এর মাধ্যমে তাদের মন-মানসিকতা ও জ্ঞানের পরিসর বৃদ্ধি করে।”

এক্ষেত্রে শুধু সমসাময়িক লেখকদের বই না পড়ে ধ্রুপদী সাহিত্য পড়ারও আহ্বান জানান গুলতেকিন খান।

“তাদের তারাশঙ্কর, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রসহ বিভিন্ন লেখকের ক্লাসিক বইগুলো পড়তে হবে। তাহলে তাদের বিকাশটা সেভাবে হবে।”

নিজের ছেলে-মেয়েরা অনেক বেশি ক্লাসিক সাহিত্য পড়ে জানিয়ে তিনি বলেন, “তরুণরা হয়তো ক্লাসিক সাহিত্যগুলোকে সেভাবে নেয় না, তবে তাদের সেটা ধারণ করা উচিত।”

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের তাম্রলিপি প্রকাশনীর স্টলে কথা হয় গুলতেকিন খানের সঙ্গে। এবারের বইমেলায় এই প্রকাশনী থেকে ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ নামে তার প্রথম কবিতার বই বেরিয়েছে।

গুলতেকিনকে সেখানে ভক্তদের অটোগ্রাফ দিতে এবং তাদের সঙ্গে আলাপে মেতে উঠতে দেখা যায়। অনেকে তার সঙ্গে ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন।

নিজের লেখালেখি প্রসঙ্গে গুলতেকিন বলেন, “আমি লিখে যাচ্ছি নিজের মতো। বই প্রকাশের ইচ্ছে কখনো হয়নি। এবার প্রথম বের হয়েছে। আমি লেখালেখি ধরে রাখতে চাই।”

এর আগে আরও কয়েকবার বইমেলায় এসেছেন জানিয়ে তিনি বলেন, “আমি মেলায় এমনিতে আসি। এবার কবি হিসাবে আসলাম। সবার সঙ্গে সময় কাটিয়ে ভাল লাগছে।”

গুলতেকিন খানের কবিতার বইটি ‘খুব ভাল’ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তাম্রলিপি প্রকাশনীর মালিক তারিকুল ইসলাম রনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্রির ক্ষেত্রে প্রথমে রয়েছে মুহাম্মদ জাফর ইকবালের ‘ক্রেনিয়াল’। তারপরেই আছে ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ বইটি।”

পুরনো খবর:

লিখছি নিজের মতো: গুলতেকিন