মাহমুদুল ইসলামের প্রতি শ্রদ্ধা: উচ্চ আদালত বসবে দুপুর পর্যন্ত
আইনজ্ঞ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই বিভাগের কার্যসূচি কমিয়ে আনা হয়েছে।
এদিন আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে। আর হাই কোর্ট দুপুরের বিরতির পর আর বসবে না।
সকাল ৯টায় আদালত বসার পরপরই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি এস কে সিনহা কার্যসূচি কমিয়ে আনার কথা বলেন।
সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মাহমুদুল ইসলামের কফিন দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হবে। সেখানে জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হবে রংপুরে তার গ্রামের বাড়িতে।
রংপুরে আরেক দফা জানাজা শেষে মাহমুদুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে তার চেম্বারের অন্যতম আইনজীবী প্রবীর নিয়োগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বাংলাদেশে সাংবিধানিক আইন নিয়ে লেখালেখিতে পথিকৃৎ আইনজীবী মাহমুদুল ইসলাম সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন মাহমুদুল ইসলাম। তার বাবা আজিজুল ইসলাম ছিলেন রংপুরের প্রথিতযশা আইনজীবী।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের দিন পদত্যাগ করেন তিনি।
মাহমুদুল ইসলামই বাংলাদেশের প্রথম আইনজীবী যিনি সাংবিধানিক গবেষণামূলক বই লিখেছেন। বাংলাদেশে আইন পেশায় সবচেয়ে পণ্ডিত ব্যক্তি হিসেবে অনেকে বিবেচনা করতেন তাকে।
মাহমুদুল ইসলামের মৃত্যুর পর এক শোক বার্তায় সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল বলেন, বাংলাদেশের আইন অঙ্গন একজন রত্নকে হারালো।
