২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে সন্তান বদলে মৃত শিশু দেওয়ার অভিযোগ

ঢাকার একটি হাসপাতালে সদ্যজাত ছেলে সন্তানকে সরিয়ে ফেলে তার বদলে একটি মৃত মেয়ে শিশু দেওয়ার অভিযোগ করেছেন এক ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 04:31 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করে দেখতে বলেছে। পুলিশ বলছে, বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ হতে পারে। 

শামসুল ইসলাম নামের ওই ব্যক্তি সাংবাদিকদের বলেন, তার স্ত্রী পারভীনের গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করা হলে তার ছেলে সন্তান আসছে বলে চিকিৎসকরা আগে জানিয়েছিলেন।

মঙ্গলবার সকালে পারভীনের প্রসব বেদনা শুরু হলে তাকে বছিলা থেকে ‘মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার’  হাসপাতালে নেওয়া হয়।

“নরমাল ডেলিভারির পর একজন আয়া আমাকে প্রথমে জানায়, আমার ছেলে হয়েছে। কিন্তু পরে আমাকে বলা হয়, আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে, আর সেটি মেয়ে ছিল।”

হাসপাতাল কর্তৃপক্ষ তার ছেলে বদলে মৃত বাচ্চা ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ শামসুলের।

হাসপাতালের পরিচালক মনিরুজ্জামান সিদ্দিকী ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, পারভীনের গর্ভেই সন্তানের মৃত্যু হয়েছিল।

“তাদের সঙ্গে কোনো কাগজপত্র না থাকলেও মানবিক দিক বিবেচনা করে রোগীকে লেবার ওয়ার্ডে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক বুঝতে পারেন শিশুটি মৃত।”

মৃত শিশুটি পারভীনেরই দাবি করে তিনি বলেন, “প্রশাসনকে আমরা প্রয়োজনে ‘ডিএনএ’ পরীক্ষা করাতে বলেছি।”

এই হাসপাতালে প্রতি মাসে গড়ে প্রায় ৩০০ শিশুর জন্ম হয় জানিয়ে মনিরুজ্জামান বলেন, “এ ধরনের অভিযোগ চিকিৎসকের ওপর প্রভাব ফেলে। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেন।”

এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা না হলেও খবর পেয়ে পুলিশ ওই ক্লিনিকে যায়। 

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে মনে হচ্ছে। তারপরও অভিযোগ থাকলে থানায় জানাতে বলা হয়েছে।”