অবসর সুবিধায় আইন পেশা: মীর কাসেমের মামলা ছাড়লেন বিচারপতি নজরুল
অবসরোত্তর সুবিধায় থাকা অবস্থায় যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে মামলা লড়তে এসে সমালোচনার মুখে ওই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাই কোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
সোমবার মীর কাসেমের আপিল মামলার তৃতীয় দিনের শুনানির উপস্থিত হয়ে তিনি আদালতের কাছে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন।
পরে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, “প্রচণ্ড বৈরী পরিবেশের কারণে আমি এ মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছি।”
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এই আপিল মামলায় দ্বিতীয় দিনের শুনানিতে উপস্থিত হয়ে পেপারবুক থেকে অভিযোগ পড়ে শোনান। ওইদিনই তার অবসরোত্তর সুবিধায় থাকার বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম চৌধুরী হাই কোর্টের বিচারক হিসেবে অবসরকালীন সুবিধায় সরকারি বাসভবন, গাড়ি ও গানম্যান পাচ্ছেন। এ অবস্থায় আইনজীবী হিসেবে মামলা লড়া ‘নৈতিকতার চরম বিরোধী’।
প্রধান বিচারপতি এস কে সিনহা সেদিন বলেছিলেন, সাবেক ও বর্তমান বিচারপতিরা রীতি ও আইন মেনে চলবেন বলেই তিনি আশা করেন।
এ নিয়ে নানামুখি আলোচনার মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক ১১ ফেব্রুয়ারি বলেন, এখন উচ্চ আদালতের বিচারকদের জন্যও আচরণবিধি করার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে।
এই প্রেক্ষাপটে সোমবার মীর কাসেমের আপিল মামলায় আদালতে আসেন নজরুল ইসলাম, যার শুনানি চলছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতুবি করেন।
মীর কাসেমের আইনজীবীর দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়ে আদালতকে তিনি বলেন, “স্যরি মাই লর্ড। অন্য দুজন জ্যেষ্ঠ আইনজীবী রয়েছেন। আমি নিজেকে প্রত্যাহার করতে চাইছি।”
এ সময় প্রধান বিচারপতি বলেন, “আপনি এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করতে চাচ্ছেন?”
উত্তরে বিচারপতি নজরুল বলেন, “ইয়েস।”
পরে আদালত কক্ষ থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, “অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবী হিসেবে মামলায় অংশ নেওয়ার অধিকার আমার রয়েছে। এটি অসাংবিধানিক বা অনৈতিক নয়।”
সাবেক এই বিচারক জানান, গতবছর ১২ ডিসেম্বর অবসরে যাওয়ার পর ৩ জানুয়ারি থেকে তিনি নিয়মিত আপিল বিভাগের বিভিন্ন মামলার শুনানিতে অংশ নিচ্ছেন। এর মধ্যে মীর কাসেমের মামলা ছাড়াও আরও দুটি মামলায় তিনি অ্যাটর্নি জেনারেলের বিপরীতে শুনানিতে অংশ নিয়েছেন।
“অন্য মামলার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল কোনো প্রশ্ন না তুললেও এ মামলায় (মীর কাসেম) আমার অংশ নেওয়ার বৈধতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যা অনাকাঙ্ক্ষিত।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিচারপতি নজরুলের সিদ্ধান্তকে তিনি ‘সাধুবাদ’ জানাচ্ছেন।
সংবিধানের ৯৯ অনুচ্ছেদের ২ এর (১) অনুযায়ী, কোনো ব্যক্তি হাই কোর্ট বিভাগের বিচারক পদ থেকে অবসর নেওয়ার পর আপিল বিভাগে ওকালতি করতে পারেন।
সে অনুযায়ী বিচারপতি নজরুল ইসলামের আইন পেশায় নিয়োজিত হতে বাধা না থাকলেও অবসরোত্তর ছুটিতে সরকারি সুবিধায় থাকা অবস্থায় তার এ ভূমিকায় আদালতে আপত্তি তুলেছিলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, সরকারি গাড়ি, বাড়ি ও সুবিধা নিয়ে বিচারপতি নজরুল ইসলামের মামলা পরিচালনার খবর যখন তিনি পেয়েছেন, তখনই আদালতের নজরে এনেছেন। সুতরাং এটি ‘অনাকাঙ্ক্ষিত’ কিছু নয়।
“আর বৈরী পরিবেশেরও কিছু নাই। আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরেও তো তিনি ওই মামলায় শুনানিতে অংশ নিয়েছেন।”
নজরুল ইসলাম চৌধুরী ২০০১ সালের ৩ জুলাই হাই কোর্ট বিভাগে নিয়োগ পাওয়ার পর ২০০৩ সালের ৩ জুলাই বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তার নিয়োগ স্থায়ী হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করার পর তিনি আইন পেশায় আসেন এবং ১৯৭৭ সালে হাই কোর্টে ও ১৯৯২ সালে আপিল বিভাগে তালিকাভুক্ত হন।
মীর কাসেমের আপিলের শুনানি চলছে
এ দিকে মীর কাসেম আলীর আপিলের ওপর সোমবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। তা সাড়ে ১১টায় শুরু হয়ে চলে সোয়া ১টা পর্যন্ত।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি চলছে। বেঞ্চের অন্য চার সদস্য হলেন-বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং নবনিযুক্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
তৃতীয় দিনের শুনানিতে আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের আনা তিনটি চার্জের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। শুনানি নিয়ে আদালত মঙ্গলবার পববর্তী দিন রাখেন।
এ দিন মীর কাসেমের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান, উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনও।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
পরে এস এম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপক্ষের আনা চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম অভিযোগে বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি। এসব চার্জে প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না, শোনা সাক্ষীর ওপর নির্ভর করা হয়েছে।
এর আগে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের শুনানিতে আসামিপক্ষ দ্বিতীয় ও তৃতীয় চার্জের বিষয়ে যুক্তি উপস্থাপন করে।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি কাসেমের ফাঁসির রায় আসে।
ওই রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন তিনি। দেড়শ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চান।এই আপিলের ওপর ৯ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়, এটি আপিল আদালতে আসা সপ্তম মামলা, যার ওপর শুনানি চলছে।
