যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান স্পিকারের
যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বেশি বেশি সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের জন্য শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত অষ্টাদশ যুক্তরাজ্য শিক্ষামেলার উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।
এতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এই চেয়ারপার্সন বলেন, “ঢাকায় এ ধরনের মেলার আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এ সুযোগের সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
“এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বেশি পরিমাণে সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের জন্য শিক্ষাবৃত্তিরও ব্যবস্থা করা দরকার।”
নিজের উচ্চশিক্ষা গ্রহণের কথা স্মরণ করে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেওয়া শিরীন শারমিন চৌধুরী বলেন, “বিশ্বায়নের এ যুগে বর্তমান সরকার এদেশের শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে স্নাতক পর্যায়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে।”
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত অষ্টাদশ যুক্তরাজ্য শিক্ষামেলার উদ্বোধনী করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ঢাকায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত অষ্টাদশ যুক্তরাজ্য শিক্ষামেলায় দর্শনার্থীরা
স্থানীয় প্রতিনিধিদের বৃটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যথাযথ সমন্বয় সাধনেরও পরামর্শ দেন স্পিকার।
উদ্বোধনীতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, “আমাদের বার্ষিক এই প্রদর্শনীতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে বিস্তারিত সব তথ্য জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
"তারা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণ, শিক্ষাবৃত্তির সুযোগ এবং যুক্তরাজ্যে থাকার বিষয়ে পরামর্শও নিতে পারবেন।”
উদ্বোধনী আলোচনা পর্ব শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শিক্ষামেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় এসেক্স বিশ্ববিদ্যালয়ের স্টলে স্পিকারের সমাবর্তনের পোশাক পরিহিত একটি ছবি প্রদর্শন করতে দেখা যায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকও বক্তব্য দেন।
আয়োজকরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এই প্রদর্শনী চলবে।
প্রবেশমুখে ৫০ টাকা দিয়ে মেলায় ঢোকার টিকিট পাওয়া যাবে।
এ শিক্ষামেলা ৩১ জানুয়ারি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের জিনিয়া হলে এবং ৩ ফেব্রুয়ারি সিলেটের রোজ ভিউ হোটেলেও হবে বলেও আয়োজকরা জানান।
