২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সেবার ধরন বদলে দিচ্ছে ‘কাইযেন’

ছোট ছোট উদ্যোগে চারপাশ বদলে দেওয়ার জাপানি ধারণা কাইযেনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকারি সেবা প্রদানে আমূল পরিবর্তন ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 12:11 AM

Updated : 11 Oct 2022, 07:40 PM

সোমবার জাতীয় কাইযেন কনভেনশনে বিভিন্ন জেলা থেকে আসা সরকারি কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ে এই চিত্র পাওয়া গেছে।

সরকারি দপ্তরের সেবার মান বাড়াতে জাইকার সহযোগিতায় ২০১৩ সালে ৫ বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়।

এর মধ্যেই সফলতার নানা গল্প সৃষ্টি হয়েছে দেশজুড়ে। এমনি এক গল্প শোনালেন রাজশাহীর পবার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন কবির, যার বর্ণনায় একটি দপ্তরের খোলনলচে বদলে যাওয়ার কাহিনী উঠে এসেছে।

“আমাদের রেকর্ড রুম অগোছালো ছিল,” বলে ফাইলের একটি স্তূপের ছবি দেখিয়ে তিনি বলেন, “আগে এরকমভাবে ফাইল রাখা হত। এখন আমরা সাল ও নম্বর দিয়ে রেকর্ড রুম সাজিয়েছি। এখন এক বা দুই মিনিটে যে কোনো নথি খুঁজে বের করা সম্ভব।

“আগে সেবাপ্রার্থীদের বসার কোন জায়গা ছিল না। আমরা ‘মাটির মায়া’ নামে একটি ওয়েটিং রুম তৈরি করেছি। মোটর সাইকেল রাখার ব্যবস্থা করেছি।”

সেখানে নিয়মিত বিরতিতে মানুষের অভিযোগও শুনতেন এই সরকারি কর্মকর্তা।

তিনি বলেন, প্রত্যেক কর্মচারীকে একটি করে সাদা বোর্ড দেওয়া হয়েছিল। তারা প্রত্যেক সপ্তাহের শুরুতে অগ্রাধিকার সেখানে লিখতেন। সপ্তাহ শেষে এসি ল্যান্ড সেগুলো মূল্যায়ন করতেন।

“সব শাখায় আমরা কর্মচারীর নামফলক টানিয়েছি। কোন কর্মচারী কোন কক্ষে- সেটা উল্লেখ করে প্রত্যেক ফ্লোরে আমরা একটি করে বোর্ড টানিয়েছি। আরেকটি বোর্ড টানানো হয়েছে, কোনো কর্মচারী অফিসের বাইরে গেলে যেখানে তার ফেরার সময় উল্লেখ করে সেবাপ্রার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে যাবেন।”

রেজিস্ট্রারগুলোকেও হালনাগাদ করে ভালো কাগজে বাঁধাই করা হয়েছিল। কার্যালয়ে ঢোকার পথে সেবা বুথের মতো করে একজন কর্মচারী সার্বক্ষণিক বসিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল বলে জানান শাহদাত।

বর্তমানে টাঙ্গাইলের দেলদুয়ারের এই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরস্কৃত করা হয় কনভেনশনে। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। জাইকার প্রতিনিধি মিকিও হাতায়েদাও ছিলেন অনুষ্ঠানে। এই কনভেনশনের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শাহাদাতের পাশাপাশি নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম খান, ফরিদপুরের আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট মোহাম্মদ সাইফুজ্জামান, কিশোরগঞ্জ সদর উপজেলার সাব রেজিস্ট্রার আফসানা বেগম, ময়মনসিংহের সাবেক অতিরিক্ত এসপি আবু আহাম্মদ আল মামুন, জামালপুরের জেলা একাউন্টস অফিসার মো. শহিদুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের আরএমও এএনএম মিজানুর রহমানকেও পুরস্কৃত করা হয়।

এদের প্রত্যেকেরই রয়েছে সফলতার ভিন্ন ভিন্ন গল্প। ‘ইমপ্রুভিং পাবলিক সার্ভিসেস থ্রু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (আইপিএস-টিকিউএম)’ প্রকল্পের আওতায় কাজ করে সেবার ধরন বদলে দিয়ে তারা এই পুরস্কার জিতেছেন।

কাইযেনের এই ধারণায় উদ্বুদ্ধ হয়ে প্রকল্পের বাইরের অনেকেও তার দপ্তরের সেবার ধরন বদলে দিয়েছেন, সে রকম একজন হলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. পুতুল রায়।

তিনি বলেন, “আমি এখানে আসার পর কাইযেনের থিম নিয়ে জাইকা বা অন্য কারও সহযোগিতা ছাড়াই পরিবেশ উন্নয়নে কাজ শুরু করি।

“স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকারি যে অর্থায়ন রয়েছে, সেখান থেকেই আমরা কাজ করেছি। হাসপাতালটি টয়লেট ফ্লাট বাড়ির টয়লেটের মতো হয়ে গেছে। আমাদের কাজে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ২০১৫ সালের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছি।”

কেউ সহযোগিতা না করলেও সব সরকারি হাসপাতালে এই ব্যবস্থা চালু করা সম্ভব বলে মনে করেন পুতুল রায়।

কাইযেন এগিয়ে নিতে নানা প্রস্তাব আসে কনভেনশনে।

২০১৩ সালে বাংলাদেশে কাইযেন শুরুর সময় থেকে এই উদ্যোগের সঙ্গে রয়েছেন জানিয়ে এলজিইডির প্রকৌশলী মো. নুরুল্লাহ বলেন, স্থানীয় সরকার বিভাগের ১৩২টা উপজেলায় কাইযেন চালু হয়েছে।

২০১৮ সালে এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর প্রকল্পের পাইলটভিত্তিক সব কাজের লিখিত বিবরণ প্রকাশের দাবি করেন তিনি। এছাড়া সংশ্লিষ্টদের দ্বারা একটা নীতিমালা তৈরি করে তা সার্কুলার আকারে জারি করার দাবিও জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি, বিপিএটিসির রেক্টর এ কে এম আব্দুল আউয়াল মজুমদার বলেন, কাগজ একটা তৈরি করে দেওয়া কঠিন না। জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা যদি তাদের অধীনস্তদের নিয়মিত ‘মোটিভেশন’ না দেন, তাহলে কাজ হবে না। 

প্রাণীসম্পদ অধিদপ্তরের সমর কুমার ঘোষ বলেন, “কাইযেন নতুন কিছু নয়। আমরা যারা সরকারের কর্মকর্তা ও কর্মচারী, আমাদের দায়িত্বই হচ্ছে কাইযেন। কাইযেন মানে চেইঞ্জ ফর বেটার।

“একজন কর্মকর্তা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ যে, আমি সব সময় ভালো কিছু করব। এটা তার নৈতিক দায়িত্ব। এখানে অনেকে বলছেন, আমাদেরকে অর্থায়ন করা হয় না। অর্থায়ন বাদেই কিন্তু আমরা কাইযেন করছি। করতে হবে। যতদিন চাকরি থাকবে ততদিন বেটার চেইঞ্জ করতে থাকবেন।”

সমর কুমার সব বিভাগে কাইযেনের জন্য পদ সৃষ্টির আহ্বান জানান।

জাইকার প্রতিনিধি হাতায়েদা বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, এরপরও ভুললে চলবে না যে দ্রুত প্রবৃদ্ধি এবং বড় ধরনের অগ্রগতিতে প্রশাসন পদ্ধতি এখনও বাধা হয়ে দাঁড়িয়ে আছে।

সরকারকে জবাবদিহিমূলক করতেও ‘কাইযেন’ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

‘ওয়ান ইয়ার ওয়ান প্রজেক্ট‘ ফ্রেমওয়ার্কের আওতায় চার হাজার ছোট ছোট অগ্রগতির কাজ চলছে জানিয়ে জাইকা প্রতিনিধি বলেন, ৬৪ জেলার ২৪টি বিভাগের প্রায় হাজার দপ্তরে প্রতিবছর অন্তত একটি করে ধারাবাহিক অগ্রগতির ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠাই এই প্রকল্পের লক্ষ্য।

প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, সিভিল এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে।

সম্প্রতি জাপান সফরের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “প্রতিনিয়ত কাইযেন বা ‘বেটার চেইঞ্জ‘-এ জাপানিদের দেখে আমি মুগ্ধ হয়েছি।”

‘কাইযেন’ প্রকল্প থেকে উদ্বুদ্ধ হয়ে এখনকার তরুণরা ‘বেটার বাংলাদেশ‘ গড়তে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।