অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের নিরাপত্তায় সর্বাধুনিক প্রযুক্তি: র্যাব
আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
রাজধানীর ল মেরিডিয়ান হোটেলে শনিবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি বলেন, নাশকতার সব দিক বিবেচনা করেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
“এক্ষেত্রে প্রতিটি জায়গায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।”
এর আগে হোটেলের ভেতরে-বাইরে র্যাবের নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণ করেন র্যাব মহাপরিচালক এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিকিউরিটি ম্যানেজার সন নরিসসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।
আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, বাংলাদেশের চারটি জেলার আটটি ভেন্যুতে ২৭ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ।
তিনি বলেন, ইতোমধ্যে সব দেশের খেলোয়াড়রা পৌঁছে অনুশীলন শুরু করেছেন। মাঠে তাদের আসা-যাওয়ার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দারাও সক্রিয় রয়েছেন; তারা শেষ পর্যন্ত এই নিরাপত্তা দিয়ে যাবেন।
খেলোয়াড়দের প্রত্যেকটি গাড়ি গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) আওতায় আনা হয়েছে এবং প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে।
“ইতোপূর্বে ক্রিকেটের বিশ্বকাপ, এশিয়ান কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিরাপদে করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। তারপরও কিন্তু আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা কাজ করছি এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।”
র্যাব মহাপরিচালক বলেন, “আমাদের কাজে আইসিসি ও বিসিবি সন্তোষ প্রকাশ করেছে। এই সন্তোষ প্রকাশ শেষ দিন পর্যন্ত যেন থাকে সে ব্যাপারে আমরা প্রতীজ্ঞাবদ্ধ।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জঙ্গি সংক্রান্ত কোনো হুমকি নেই। তারপরও এ সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে হালনাগাদ খোঁজ রাখা হচ্ছে। এ বিষয়ে শক্তিশালী মনিটরিং টিম কাজ করছে।”
সংবাদ সম্মেলনে আসন্ন এই বিশ্বকাপ নিরাপদে সম্পন্ন করতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন র্যাব মহাপরিচালক।
প্রথম দিনই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা।
