সংসদ অধিবেশন শুরু, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত
শুরু হয়েছে দশম জাতীয় সংসদের নবম অধিবেশন। বছরের প্রথম এই অধিবেশন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কিছু সময় আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হয়।
বছরের প্রথম অধিবেশনে সংবিধানের নিয়ম অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ। তারপর সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি করা হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সংসদ হবে প্রাণবন্ত। সরকারের কাজের গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে সকল কাজের কেন্দ্রবিন্দু হবে সংসদ।”
এর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন-আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, হাবিবুর রহমান মোল্লা, ফখরুল ইমাম, দীপু মনি।
এরপর সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম, সাবেক বিচারপতি এ কে এম নুরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এম শামসুল হক, সাবেক গণপরিষদ সদস্য শেখ আলী আহম্মদ, সাবেক প্রতিমন্ত্রী আতা উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য এ এফ এম নজমুল হুদা, কামরুন নেছা নিলু, একরামুল আলম, পরমাণু বিজ্ঞানী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম, সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুল্লাহ, সিকিউরিটি অ্যাসিস্টেন্ট মো. নজরুল ইসলাম মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন স্পিকার।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
এছাড়া ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক করা হয়।
অধিবেশন শুরুর আগে মেয়াদ নির্ধারণে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনারও সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।
কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।
কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইনউদ্দীন খান বাদল ও আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
