কামরাঙ্গীচরে গৃহবধূ নার্গিস হত্যাকাণ্ডের ‘রহস্য উদ্ঘাটন’
রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূ নার্গিস আক্তার হত্যাকাণ্ডের মামলায় স্বামী ইব্রাহিম মোল্লাকে আসামি করে মামলা হলেও খুনি অন্য একজন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
নও গাঁ এলাকার ওই গৃহবধূর প্রতিবেশী মেহেদী হাসান এবং তার দুই বন্ধু ফারুক ইসলাম এবং মো. পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, এরাই গত ২৬ ডিসেম্বর এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।
নার্গিস হত্যারহস্য উদ্ঘাটনের দাবি করে সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হয়।
সেখানে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ বলেন, “নার্গিস আক্তারের অশ্লীল ছবি তুলে সেই ছবি দিয়ে সুবিধা নেওয়ার জন্য এরা তার হাত-পা বেধেঁ মুখে স্কচটেপ লাগালে দমবন্ধ হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।”
মেহেদী এবং তার দুই বন্ধু ফারুক ও পারভেজকে রোববার গ্রেপ্তার করা হয়।
নীলক্ষেতে একটি দোকানের কর্মচারী ইব্রাহিমের স্ত্রী নার্গিসকে গত মাসে তার ঘরে হত্যা করা হয়। এরপর নার্গিসের ভাই জাহাঙ্গীর হোসেন একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, যৌতুকের জন্য ইব্রাহিম ও তার দুই ভাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এরপর ইব্রাহিম ও তার দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু তদন্ত চালাতে গিয়ে ধরা পড়ে, নার্গিসের ‘প্রেমিক’ মেহেদী এই হত্যাকাণ্ডে জড়িত।
উপকমিশনার মফিজ বলেন, “ঘটনা ভিন্ন। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা নির্দোষ। যৌতুক চাওয়া হতে পারে, তবে তার কারণে হত্যার ঘটনা ঘটেনি।”
তিনি বলেন, সারাদিন স্বামীর অনুপস্থিতির মধ্যে প্রতিবেশী মেহেদীর সঙ্গে নার্গিসের সম্পর্ক গড়ে উঠেছিল। এই বিষয়টি দুই বন্ধুকে জানিয়েছিল মেহেদী। পরে তারা অশ্লীল ছবি তুলে নার্গিসকে ‘ব্ল্যাকমেইল’ করার পরিকল্পনা করে।
“ঘটনার দিন মেহেদীকে দরজা খুলে দিয়েছিল নার্গিস। পূর্বপরিকল্পনা অনুযায়ী ফারুক ও পারভেজ ভেতরে ঢুকে। মেহেদী দরজার কাছে পাহারা দেয়। ছবি তোলার ক্ষেত্রে বাধা পাওয়ায় নার্গিসের হাত-পা বেধেঁ মুখে স্কচটেপ লাগায় তারা। এক পর্যায়ে তারা দেখে, নার্গিস মারা গেছে।”
পরে তিনজন নার্গিসের সোনার চেইন, সোনার আংটি, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এসবই তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে।
শারীরিক প্রতিবন্ধী মেহেদী স্ত্রী এবং এক সন্তান নিয়ে নার্গিসদের পাশের ঘরেই থাকতেন।
