২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা আটকে বিমানে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ

সোনা থাকার ‘তথ্য পেয়ে’ শাহজালাল বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালাতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ করেছে শুল্ক কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 01:11 AM

Updated : 22 Aug 2022, 02:24 PM

মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে তল্লাশিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বাধা দিয়েছে বলে সহকারী কাস্টমস কমিশনার মো. শহীদুজ্জামান সরকার অভিযোগ করেন।

তবে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম এইচ জাকির হাসান এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, নিয়ম না মেনে তল্লাশিতে যাওয়ায় তা করতে দেওয়া হয়নি।

বাংলাদেশের প্রধান এই বিমানবন্দরে গত দুই বছরে চোরাই সোনার বেশ কয়েকটি চালান ধরে শুল্ক বিভাগ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই উড়োজাহাজ বিমানবন্দরে নামলে তল্লাশি চালাতে গিয়েছিলেন কাস্টমস প্রিভেনটিভ দলের সদস্যরা।

এই দলের সদস্য শহীদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  এই উড়োজাহাজে বিপুল পরিমাণ সোনার বার আছে বলে তাদের কাছে খবর এসেছিল। 
 
“আমাদের সোর্স নিশ্চিত ছিল, সিঙ্গাপুর এয়ালাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে অন্তত ১০০ কেজি সোনার বার রয়েছে। সোর্সের এই তথ্যের ভিত্তিতে প্রয়োজনে ইঞ্জিন খোলারও সিদ্ধান্ত ছিল আমাদের। যখন আমরা উড়োজাহাজটিতে উঠতে যাব, তখন সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বাধা দেন এবং নিরাপত্তার অজুহাত তোলেন।”

“এটা বড় চালান ছিল এবং অনেকেই জড়িত বলে আমাদের তল্লাশি চালাতে দেয়নি,” অভিযোগ শহীদুজ্জামানের।

Image
এই রকম বেশ কয়েকটি চালান আটক করেছিল শুল্ক বিভাগ (ফাইল ছবি)

এই রকম বেশ কয়েকটি চালান আটক করেছিল শুল্ক বিভাগ (ফাইল ছবি)

তল্লাশি চালাতে না দেওয়ায় সোনার বার পাচার হয়ে গেছে বলে সন্দেহ করছেন তিনি।

শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, এর আগেও গত ৩ নভেম্বর একটি বড় চালানের খবর পাওয়ার পরও তল্লাশিতে তাদের আটকে দেওয়া হয়েছিল। এনিয়ে চিঠি দেওয়া হলেও বেবিচক কোনো উত্তর দেয়নি।

শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, উড়োজাহাজে ঢুকে আগেও তল্লাশি চালিয়েছিলেন তারা এবং অনেক সময় সিটের নিচ থেকে, টয়লেট থেকেও সোনার বার উদ্ধার করেন।

এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগটি ঠিক না। কোনো উড়োজাহাজে তল্লাশি চালানোর কিছু নিয়ম আছে।

“নিরাপত্তার স্বার্থেই উড়োজাহাজে উঠার আগে নিরাপত্তাকর্মীর কাছে নাম লিখে এবং যিনি ঢুকবেন তার দেহ তল্লাশি ছাড়া ঢুকতে দেওয়ার নিয়ম নেই। উড়োজাহাজের কোনো  ক্ষতি হলে তার দায়-দায়িত্ব কে নেবে?”

নিয়ম মেনে উড়োজাহাজে ঢুকে তল্লাশি চালালে বেবিচক পূর্ণ সহযোগিতা করবে, বলেন জাকির।