পাঁচ বছরে শিক্ষার্থীদের ২০% থাকবে কারিগরিতে: শিক্ষামন্ত্রী
দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে ২০২০ সালের মধ্যে কারিগরি ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এখন দেশে মোট শিক্ষার্থীর ১০ শতাংশের বেশি কারিগরি শিক্ষাগ্রহণ করছে । দেশকে এগিয়ে নিতে হলে আমাদের উন্নত প্রযুক্তি লাগবে, যার জন্য দরকার কারিগরি শিক্ষা ।
“২০২০ সালের মধ্যে মোট শিক্ষার্থীর ২০ শতাংশ কারিগরি শিক্ষা নেবে।।”
কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘স্কিলস কম্পিটিশন ২০১৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন শিক্ষামন্ত্রী।
দেশীয় সমস্যার অভ্যন্তরীণ সমাধানের জন্য উদ্ভাবনী ক্ষমতার বিকাশের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে আমরা সেরা প্রকল্পগুলোকে এখানে নিয়ে এসেছি।
“আমার অত্যন্ত আনন্দিত যে, শিক্ষার্থীরা দেশের সমস্যা সমাধানে অনেক উদ্ভাবনী প্রকল্প নিয়ে এসেছে; সিকিউরিটি সিস্টেম ও লঞ্চডুবি রোধে প্রকল্প অটোমেটিক ট্রাফিক নিয়ন্ত্রণ প্রকল্পও আছে। আমরা আশা করি, ভবিষ্যতে তারা দেশের জন্য অবদান রাখতে পারবে ।”
অনুষ্ঠানে বাজেটে শিক্ষা খাতের বাজেট বরাদ্দ নিয়ে হতাশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের শিক্ষা খাতে অনেক কম টাকা দেওয়া হয়। অনেকে বিষয়টি বুঝতে চান না, আমাদের আরও অনেক টাকার দরকার।”
এর আগে গত জুন সংসদে তিনি বলেছিলেন, জাতীয় উৎপাদনের কমপক্ষে ৪ ভাগ শিক্ষাখাতে ব্যয় করা প্রয়োজন।
