ইবনে সিনাসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা
অনিয়মের অভিযোগে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারসহ রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ও বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে বুধবার উত্তরায় অভিযান চালানো হয়। অনুমোদন ছাড়া এক্স-রে ইউনিট স্থাপন করার অপরাধে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া রোগ নির্ণয়ের নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের দায়ে লুবানা জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১ এর উত্তরা ক্যাম্পের একটি দল আদালত পরিচালনায় সহযোগিতা করে। অভিযানকালে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।
একই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আগের দিন দক্ষিণখান থানা এলাকায় ‘আলাক্সা’ নামের একটি মিষ্টির কারখানায় অভিযান চালায় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সেখানে গ্রেডবিহীন ক্ষতিকারক রং ও হাইড্রোজ জাতীয় ক্ষতিকর রাসায়নিক দিয়ে মিষ্টি তৈরির অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয় বলে এতে জানানো হয়।
এছাড়া মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পল্ল¬বী ও কাফরুল থানা এলাকায় অভিযান চালায়। অনুমোদন না নিয়ে কেক ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করায় নাসির ফুড অ্যান্ড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিরপুরের মিম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা এবং ওই প্রতিষ্ঠানের এমডি আবু হানিফকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের দুই দিনের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১২লাখ টাকা জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
