টিআইবির প্রতিবেদন মেনে নিচ্ছেন সিএজি
নানা জরিপ নিয়ে সরকারের মন্ত্রীদের কড়া সমালোচনার মধ্যে থাকা টিআইবি সমর্থন পেলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদের কাছ থেকে।
“ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিয়ে আমরা যে যত কথা বলি না কেন, তাদের করা বিভিন্ন সার্ভে যেগুলো বেরিয়েছে, আমি অন্তত দুয়েকটা জানি, সেগুলো পুরোপুরি ভিত্তিহীন নয়। সরকার বা যে যাই বলি না কেন?”
সোমবার রাজধানীতে এক মতবিনিময় সভায় একথা বলেন বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান মাসুদ।
তার দপ্তর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে দুর্নীতি ‘নিয়ন্ত্রণহীন’ বলে গত জানুয়ারিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করেছিল টিআইবি।
‘কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় আর্থিক নিরীক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানে মাসুদ বলেন, দুর্নীতি রুখতে সিএজি কার্যালয় যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সফলতাও পাচ্ছে।
তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে আমরা আমাদের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হয়েছি। অন্যদিকে ১৭ কোটি মানুষের দেশের সমাজ-সংস্কৃতিও একটি বড় ব্যাপার। আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।”
নিজের কার্যকাল নেওয়া কার্যক্রম তুলে ধরে সিএজি মাসুদ বলেন, স্থানীয় সরকার খাতে যে বাজেট আছে তা নিরীক্ষা (অডিট) করতে গেলে তার চেয়ে বেশি টাকা খরচ হবে।
এজন্য স্থানীয় সরকারের বড় বড় প্রতিষ্ঠানে নিজস্ব অডিটর পাঠালেও অনেক ক্ষেত্রে প্রকল্পভিত্তিক নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
গোটা দেশে অডিট করার জন্য যে দক্ষ লোকবল দরকার, তা তার বিভাগের নেই বলে জানান মাসুদ।
“সব প্রতিষ্ঠানের জন্য যতজন দরকার তত দক্ষ অডিটর বের করা মুশকিল। আমার ১৪ হাজার লোক দিয়ে ১৫ কোটি মানুষের অডিট করছি।”
অডিট অ্যাসেসমেন্টের ওপর নির্ভর করে জাতীয় বাজেটের ঘাটতির একটি বড় অংশ মেটানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিয়ম সংস্কারের কারণে শুধু সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, সাইনবোর্ড ট্যাক্স থেকেই বিপুল অঙ্কের অর্থ আসছে।
বেশিরভাগ ক্ষেত্রে ‘সামাজিক প্রভাব খাটিয়ে’ অডিট পরবর্তী অর্থ উদ্ধার সম্ভব বলে মনে করেন মাসুদ আহমেদ।
এক্ষেত্রে সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির মাধ্যমে একজন সচিবকে এনে অর্থ উদ্ধারের উদাহরণ দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের (ওসিএজি) পরিচালক ওয়াহিদা হামিদের বক্তব্যেও সিএজি কার্যালয়ে লোকবল কম থাকার কথা ফুটে উঠে।
তিনি জানান, স্থানীয় সরকার ইস্যুতেই তাদের কাছে প্রায় ৭০ হাজার অডিট আপত্তি নিষ্পত্তির অপেক্ষায় দীর্ঘদিন পড়ে আছে।
‘কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় আর্থিক নিরীক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মহা হিসাব নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদসহ আলোচকরা
অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, দুর্নীতি রুখতে ও সুশাসন প্রতিষ্ঠা করতে অডিট সবক্ষেত্রেই একটি প্রয়োজনীয় দিক। সেটা করার জন্য একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা দরকার।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হওয়ায় সিএজি কার্যালয়ের জন্য নিরীক্ষা পুরোপুরি করা কঠিন মন্তব্য করে তিনি বলেন, “স্থানীয় সরকারের অডিটের জন্য কেন্দ্রীয়ভাবে একটি পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
এক্ষেত্রে সিএজি কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ‘অডিট সংক্রান্ত নোট’ সরকারকে দেওয়ার দাবি জানান মানুষের জন্য ফাউন্ডেশনের গভার্নেন্স বিভাগের এই পরিচালক।
ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ সেমিনার হলে এই মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অডিট সংক্রান্ত একটি গবেষণাপত্র উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ডেপুটি সিএজি গোলাম মুস্তাফা।
তিনি ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক স্বনির্ভরতা অর্জন’, অডিটের ক্ষেত্রে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ‘প্রশিক্ষণ চাহিদা পূরণ’, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা সুসংহত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য শক্তিশালী ওসিএজি নিরীক্ষা, সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশগুলোর বাস্তবায়ন এবং এর সঙ্গে জনগণ, নাগরিক সমাজের সংগঠন ও গণমাধ্যমের সম্পৃক্ততা বাড়ানোর সুপারিশ করেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে
ফোরামের সমন্বয়কারী মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওসিএজি মহাপরিচালক মাহতাব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম বক্তব্য দেন।
