২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ঢাকার নবাবগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 01:30 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

এরা হলেন- উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কুঠুরী গ্রামের মোহাম্মদ বেপারীর ছেলে মো. সোহরাব (৪৫), আসরপুর গ্রামের নজর আলী বেপারীর ছেলে মো. লুৎফর বেপারী (৩৫) ও পানিকাউর গ্রামের শেখ বাবর আলীর ছেলে মো. মনির হোসেন (৩০)।

উপজেলার তিতপালদিয়া গ্রামে গত ১৪ ডিসেম্বর রাতে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রাতে তিতপালদিয়া গ্রামের একটি বসতবাড়ির ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”

ওই গৃহবধূ ১৭ ডিসেম্বর থানায় এসে ঘটনার বিস্তারিত তুলে ধরে মৌখিক অভিযোগ করেন। এর ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে ওই গৃহবধূ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার তিনজন তাদের পূর্বপরিচিত বলে ওই গৃহবধূর স্বামী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না। কিসের জন্য তারা এরকম জঘন্য কাজ করল আমি বুঝতে পারছি না। আমি এই অপকর্মের সঠিক বিচার চাই।”