ফেইসবুক খোলায় 'ভূমিকার জন্য' জয়কে পলকের ধন্যবাদ
ফেইসবুক খুলে দিতে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় 'গুরুত্বপূর্ণ' অবদান রেখেছেন বলে জানিয়েছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি খুলে দেওয়ার এক ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রতিমন্ত্রী পলক তার ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে এ কথা জানান।
পলক লিখেছেন, “বাংলাদেশের তরুণ প্রজন্মের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে অশেষ ধন্যবাদ বাংলাদেশে ফেইসবুক পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।”
তবে ফেইসবুক খুলে দেওয়ার ক্ষেত্রে জয় কী ধরনের ভূমিকা রেখেছেন সে বিষয়ে কিছু লিখেননি প্রতিমন্ত্রী।
দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করতে গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশে বৃহস্পতিবার ফেইসবুক খুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলো এখনও বন্ধ রয়েছে।
