২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি: মাশুকের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি

সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশুকের পরিবারের জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 09:27 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পুরনো খবর:

সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথ শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

গত ২৪ নভেম্বর সাভারে বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাসের গেট থেকে ছিটকে পড়া মাশুক চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান।

এ নিয়ে গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, “মাশুকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কমপক্ষে ৩০ লাখ টাকা দিতে হবে। এছাড়া বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নতুন হল নির্মাণ করতে হবে।”

এসব দাবি বাস্তবায়নে ১৩ ডিসেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

Image
মাশুক খান

মাশুক খান

সড়ক দুর্ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে মাসুদ রানা বলেন, “অতীতে এ ধরনের ঘটনার পর প্রশাসন বাসের সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। প্রশাসনের উদ্যোগহীনতার কারণেই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর কারণে শিক্ষার্থীদের দীর্ঘস্থায়ী সমস্যার কথা তুলে ধরে মাসুদ রানা বলেন, “মেসে থাকতে অতিরিক্ত কয়েক হাজার টাকা গুণতে হয়। আর অর্থ সংগ্রহের জন্য শিক্ষার্থীদের টিউশনি বা পার্টটাইম চাকরির দিকে ঝুঁকতে হয়। এভাবে তাদের শিক্ষা জীবনের অনিশ্চয়তা বাড়ছে।”

অন্যদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি আল-আমিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুজাহিদ অনিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।