সাম্প্রদায়িকতাকে রুখে দেওয়ার আহ্বান
সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীকে প্রতিহত করার জন্য দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ এর ব্যানারে লেখক, অধ্যাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কয়েক বছর ধরে দেশে ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটছে। তাদের মূল লক্ষ্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনগণকে আতঙ্কিত করে জঙ্গিবাদের চারণক্ষেত্র সৃষ্টি করা।”
বিবৃতিতে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, লেখক সৈয়দ শামসুল হক, আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, অধ্যাপক এম এম আকাশ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ছাড়াও রানা দাশগুপ্ত, আবেদ খান, কাজল দেবনাথ, ডা. সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী স্বাক্ষর করেন।
গত কয়েক মাসে দেশে দুই বিদেশিসহ কয়েকজন মুক্তমনা লেখক-প্রকাশককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন ধর্মের অনুসারী ধর্ম প্রচারকদের ওপর হামলার ঘটনার পাশাপাশি ও হুমকিও এসেছে।
এসব হত্যাকাণ্ডের বেশ কয়েকটিতে সিরিয়া ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী সাইট ইনটিলিজেন্স জানালেও সরকার বলছে, এসব ঘটনায় আইএস সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফাইল ছবি
বাংলাদেশে আইএস এর উপস্থিতি নাকচ করে বিবৃতিদাতারা বলেন, “আমরা জানি, বাংলাদেশে আইএস এর সংগঠিত উপস্থিতির বিষয়টি অবাস্তব। বস্তুতপক্ষে এই নামে জঙ্গিরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জনে তৎপর রয়েছে।
বাংলাদেশে তাদের এই অপতৎপরতা এবং নিরাপত্তার বিষয়ে পশ্চিমা শক্তির মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া এই অপশক্তির লক্ষ্য পূরণে সহায়ক হয়েছে বলে মনে করেন বিবৃতিদাতারা।
দেশের অধিকাংশ মানুষ 'শান্তিপ্রিয়' এবং বাঙালি সংস্কৃতির বিকাশে অঙ্গীকারবদ্ধ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, তাই সকলের নিরাপত্তা রক্ষায় এবং বাঙালি সংস্কৃতির সুস্থ বিকাশের জন্য এই সাম্প্রদায়িক জনগোষ্ঠীকে রুখে দাঁড়াতে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি তথা সর্বজনের ঐক্যবদ্ধ প্রয়াস একান্তভাবে প্রয়োজন।”
মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে ২০১৩ সালে গঠিত হয় শীর্ষস্থানীয় লেখক, অধ্যাপক ও মানবাধিকার কর্মীদের ফোরাম ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।
