ইউনাইটেডে যৌন নির্যাতন: সাইফুলকে ধরতে পারেনি পুলিশ
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে হাই কোর্ট।
ওই ঘটনায় জড়িত স্টাফ নার্স সাইফুল ইসলামকে পুলিশ সোমবার আদালতে হাজির করতে না পারায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গুলশান পুলিশের সহকারী কমিশনার (এসি) ও থানার ওসিকে আগামী ৬ জানুয়ারি ওই অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।
গত বৃহস্পতিবার দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনে প্রচারিত সংবাদ বিবেচনায় নিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে সোমবার সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করতে স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিয়েছিল একই বেঞ্চ।
সোমবার নির্ধারিত সময়ে গুলশান জোনের এসি ও থানার ওসি সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত হলেও সাইফুলকে হাজির করেনি।
ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশানের এসি আদালতকে জানান, সাইফুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ অবস্থায় ৬ জানুয়ারি ওই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দেয় আদালত।
“আদালত পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ‘বলেনতো কী অবস্থা, খুঁজে পাননি’? জবাবে এসি বলেন, ‘এখনও খুঁজে পাইনি, চেষ্টা চলছে’। আদালত বলে, ‘এ বিষয়ে অগ্রগতি কী হয় তা আগামী ৬ জানুয়ারি জানাবেন। এর মধ্যে তাকে ধরে ফেলতে পারলে নিয়ে আসবেন।”
বৃহস্পতিবারের রুলে রোগীকে যৌন নির্যাতনের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং জড়িত সাইফুলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি, ডিসি নর্থ, এসি গুলশান, থানার ওসি ও হাসপাতালের ব্যবস্থপনা পরিচালককে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের পর ওই দিনউ ‘যৌন নিপীড়নকারী’ কর্মী সাইফুলর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন সাইফুল।
এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে বলে যুগান্তরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে।
