বাসে ‘যৌন হয়রানি’: পরিবহনকর্মীকে রিমান্ডে চায় পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানিকগঞ্জ থেকে এক পরিবহনকর্মীকে আটক করেছে পুলিশ।
মামুন নামে ওই পরিবহনকর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী শুকতারা পরিবহনের চালকের সহকারী মামুন তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে যৌন হয়রানি করে বলে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
শনিবার ওসি মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (শুক্রবার) রাতে মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের কর্মচারী মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।”
অভিযোগকারী শিক্ষার্থীর এক বন্ধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটির দিনে প্রায়ই গ্রামের বাড়ি মানিকগঞ্জে যান ওই ছাত্রী।
শনিবার ক্লাস থাকায় শুক্রবার দুপুরে শুকতারা পরিবহনে করে ঢাকায় ফিরছিলেন। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন।
বেলা দেড়টার দিকে বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরনের কথা বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।
“সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামে চালকের এক সহকারী বসে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে,” বলেন ওই ছাত্রী।
এর প্রতিবাদ করায় নিপীড়ক ‘আজেবাজে কথা’ বলে মাঝপথে বাস থেকে তাকে নামিয়ে দিতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, “পরে অন্য কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। গাবতলী নেমে থানায় এসেছি।”
মামুন নামটি ওই বাসের চালকের আরেক সহকারীর কাছে শুনেছেন বলে জানান ওই শিক্ষার্থী।
