‘নোবেল কুইজ’ হচ্ছে ঢাকায়
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো ঢাকায় ‘নোবেল কুইজ’ প্রতিযোগিতার আয়োজন করেছে সুইডেন দূতাবাস।
আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এই প্রতিযোগিতা হবে বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞানী আলফ্রেড নোবেল, নোবেল পুরস্কার, নোবেল জয়ী ব্যক্তিত্ব ও ইউরোপের দেশ সুইডেন প্রতিযোগিতার বিষয়বস্তু। ওই দিন দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি দলে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। উদ্ভাবন ও ব্যবসা-বাণিজ্যে সুইডেনের অবস্থান এবং বাংলাদেশে সুইডিস কোম্পানিগুলোর কার্যক্রম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।
বিজয়ীরা সুইডেনে সপ্তাহব্যাপী ভ্রমণের সুযোগ পাবেন। সুইডিস কোম্পানি আইকেইএ, এইচঅ্যান্ডএম, ভলভো, স্কেনিয়া, এরিকসন ও এবিবি পুরো আয়োজনের অর্থের যোগান দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল, বুয়েটের ভিসি খালেদা ইকরাম ও সহযোগী কোম্পানিগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তার সারা জীবনে অর্জিত অর্থের বড় অংশ নোবেল পুরস্কারের জন্য উৎসর্গ করেন। পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে এই পুরস্কার দেওয়া হয়, যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত।
