২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর মেয়র স্বাধীন কুমারের বরখাস্তের আদেশ স্থগিত

বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডুর সাময়িক বরখাস্তের আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 05:44 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

মেয়র স্বাধীনের একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ  সোমবার রুলসহ এ আদেশ দেয়।

পৌরসভার অর্থ আত্মসাত এবং বিভিন্ন অনিময়ের অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯’ এর ৩১(১) ধারা অনুসারে স্বাধীন কুমার কুণ্ডুকে সাময়িক বরখাস্ত করে। 

ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার রিট আবেদন করেন স্বাধীন কুমার কুণ্ডু।

আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন; সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী জানান, স্বাধীন কুমারের বরখাস্তের প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

স্থানীয় সরকার বিভাগের সচিব, উপ-সচিব, রাজশাহীর বিভাগীয় কমিশনার, বগুড়ার জেলা প্রশাসক ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

সানজীদ বলেন, “কারণ দর্শানো ছাড়াই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আর যেসব সিদ্ধান্তকে অনিয়ম বলা হচ্ছে, সেগুলো পৌরসভার কাউন্সিলরদের উপস্থিতিতে সভায় সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। এসব যুক্তিতেই এ রিট আবেদন করা হয়।”