২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিটারি পুলিশ ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়নি

ঢাকার কচুক্ষেতে সেনানিবাস সংলগ্ন সড়কে তল্লাশি চৌকিতে মিলিটারি পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় ৩৬ ঘণ্টায়ও কোনো মামলা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:30 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

মিলিটারি পুলিশের ওপর হামলাকারী ‘পথচারী’: আইএসপিআর

এই ঘটনায় সামরিক বাহিনীর পক্ষ থেকে একজনকে আটকের কথা জানানো হলেও পুলিশ আর কিছুই জানাতে পারেনি।

মঙ্গলবার সকালের ওই ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যায় কাফরুল থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা এসআই মোবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,থানায় কোনো মামলা কিংবা জিডি হয়নি।

“থানার অন্তত কয়েক হাজার ফোন এসেছে। ওই ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সবাই জানতে চাইছে,” বলেন তিনি।

পুলিশ কিছু জানতে পেরেছে কি না- জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কে ওই হামলা চালিয়েছিল, তাও পুলিশের জানা নেই।”

সেনানিবাস লাগোয়া ওই সড়কটি কাফরুল থানা এলাকার মধ্যে পড়েছে। এই থানাটি ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অন্তর্ভুক্ত।

মিরপুর বিভাগের উপ-কমিশনারসহ ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কেউ মোবাইল ফোনটি ধরেননি।

ডিএমপির উপকমিশনার মুনতাসিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।”

গত এক মাসে গাবতলী ও আশুলিয়ায় দুই পুলিশ সদস্যকে ছুরি মেরে ও কুপিয়ে হত্যার পর দেশজুড়ে আলোচনার মধ্যেই মঙ্গলবার সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশের উপর হামলা হয়।

আহত ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে বলা হয়, ‘একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে’ এই হামলা চালায়।

“কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছেন। বিস্তারিত জানার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

তবে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।  

সেনানিবাস এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে ঠিক কীভাবে ওই হামলা হল- সে বিষয়ে আইএসপিআর বা পুলিশের কোনো স্পষ্ট ভাষ্য পাওয়া যায়নি।

তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে যে চিত্র গণমাধ্যমে এসেছে, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টনমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত সামিদুল বাহনটি থামান এবং রিকশার হাওয়া ছেড়ে দেন। এর পরপরই পেছন থেকে এক যুবক এসে দা বা চাপাতির মতো ধারালো অস্ত্র দিয়ে ওই সেনা সদস্যকে কোপানো শুরু করে।