বাংলাদেশ পুলিশের প্রশংসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
কোনো অনুরোধে বাংলাদেশের পুলিশের সাড়া খুব দ্রুত পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বাংলাদেশে নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের মধ্যে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে পর সংবাদ ব্রিফিংয়ে পুলিশের প্রশংসা ঝরে যুক্তরাষ্ট্রের এই কূটনীতিকের কণ্ঠে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে নিয়ে প্রশ্নের উত্তরে বার্নিকাট বলেন, “আমি যখনই বাংলাদেশের কোনো কর্মকর্তা, পুলিশ বা অন্য কারও সঙ্গে দেখা করি, তখন আমি পুলিশকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সকলকে নিরাপদে রেখেছেন, বিশেষ করে বিদেশিদের।”
বিদেশিদের নিরাপত্তায় পুলিশের ভূমিকায় সন্তুষ্ট কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের অনুরোধে পুলিশ খুব দ্রুতই সাড়া দেয়।”
দুই বিদেশি হত্যাকাণ্ডের পর উদ্বেগ জানালেও নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে জানান রাষ্ট্রদূত।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের আলোচনায় স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি সুবিধা বাতিলের প্রসঙ্গটি আসে।
রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা বাতিল করা হয়েছে বলে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, জিএসপি দেওয়ার বিষয়টি একটি পদ্ধতির মধ্য দিয়ে নির্ধারণ হয়। এটা রাজনৈতিক কোনো কারণে হয়নি।
শ্রম নীতিমালা হওয়াটিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তারা এটি পড়ে দেখছেন।
রপ্তানির ক্ষেত্র বিবেচনায় জিএসপি বাংলাদেশের জন্য এখন আর গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও।
তোফায়েল আহমদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “জিএসপির একটা সুনামগত প্রভাব রয়েছে বলে মন্ত্রী মনে করেন। আমি সেটাকে সত্য বলে মনে করি।”
বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) অমিতাভ চক্রবর্তী, অতিরিক্ত সচিব (রপ্তানি) জহিরউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ঢাকায় মার্কিন মিশনের ডেপুটি চিফ ডেভিড মেলেও বৈঠকে ছিলেন।
