শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের গুদামে আগুন লেগে তুলা ও মেশিনপত্র পুড়ে গেছে।
শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার ‘ইশরাক স্পিনিং মিলের’ তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইশরাক স্পিনিং মিলের টিন শেড তুলার গুদামে আগুন লাগে। আগুনে গুদামে থাকা তুলা, তুলার বেল্ট ও মেশিনপত্র পুড়ে গেছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেন নি তিনি।
কারখানার জিএম মো. হায়দার আলী বলেন, আগুনে গুদামে থাকা তুলা ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
