২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস নেদারল্যান্ডসের

পানি ব্যবস্থাপনা ও বন্যা প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহীত ব-দ্বীপ পরিকল্পনা (বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০) বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যন্ডস।

সুমন মাহবুব

হেগ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:42 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

স্থানীয় সময় বুধবার সকালে গ্রান্ড হোটেল আমরাথ কুরহাউস দি হেগে ‘দ্য ডেল্টা প্ল্যান অ্যাপ্রোচ’  শীর্ষক এক অনুষ্ঠানে বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুল্জ ফ্যান হেগেন।

আলোচনায় পানি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি উদ্ধারের অভিজ্ঞতা তুলে ধরেন মেলানি সুল্জ ফ্যান হেগেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজের দেশের নদীর পানি নিয়ন্ত্রণ এবং ঘন জনবসতিপূর্ণ এলাকার কথা উল্লেখ করে হেগেন বলেন,  বাংলাদেশও বন্যাপ্রবণ।

বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ ও নদীর নাব্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে যৌথ সহযোগিতামূলক পদক্ষেপের কথা বলেন নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়কমন্ত্রী।

“পানিরও স্থান প্রয়োজন। পানিকে জায়গা দিতে হবে,” বলেন তিনি।

অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে একসঙ্গে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের আশাপ্রকাশ করেন নেদারল্যান্ডসের মন্ত্রী হেগেন।

তিনি বলেন, “একটা কথা আছে, সৃষ্টি কর্তা বিশ্ব সৃষ্টি করেছে। আর ডাচরা নেদারল্যান্ডস সৃষ্টি করেছে।”

নেদারল্যান্ডসের শিফল আন্তর্জাতিক বিমানবন্দরও একসময় জলাভূমি ছিল জানিয়ে তিনি বলেন, শিফল বিমানবন্দর যেখানে অবস্থিত সেটি একসময় হারলেম লেকের অংশ ছিল।

শিফল বিমানবন্দর সমুদ্রসীমার চার মিটার নিচে অবস্থিত বলেও প্রধানমন্ত্রীকে জানান হেগেন।

১৯৫৩ সালের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিয়ে ৬০ বছরের ডেল্টা প্ল্যান গ্রহণের কথা বলেন তিনি।

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী লিলিয়ান প্লাউম্যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী লিলিয়ান প্লাউম্যান।

পরবর্তী ডেল্টা প্ল্যান গ্রহণের কথা উল্লেখ করে হেগেন বলেন, পানি ব্যবস্থাপনায় কিছু কিছু ক্ষেত্রে তারা পুরনো পদ্ধতির দিকে ফিরে যাচ্ছেন।

ব-দ্বীপের ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বন্যা নিয়ন্ত্রণ করে অর্থনীতির বিস্তারটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে ব-দ্বীপ পরিকল্পনায় বাংলাদেশের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন জেনারেল ইকোনমিক কমিশনের জয়েন্ট চিফ মফিদুল ইসলাম।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান এবং মেলানি সুল্জ ফ্যান হেগেন।

দুপুরে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপাঞ্চল এবং পোতাশ্রয় ফিউচার ল্যান্ড পরিদর্শন করবেন।

সন্ধ্যায় নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা।

এরপর তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। বৈঠকের পর একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মার্ক রুটের দেওয়া নৈশভোজেও শেখ হাসিনা অংশ নেবেন।