চার জেলায় জামায়াত-শিবিরের ৩৮ জন আটক
নাশকতার চেষ্টার অভিযোগে চার জেলায় জামায়াত ও শিবিরের ৩৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ও সোমবার ভোরে এই অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
কুষ্টিয়া
জেলা জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমিরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন জেলা নায়েবে আমির ফরহাদ হুসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসাইন, খোকসা পৌর জামায়াত সভাপতি ও কাউন্সিলর আব্দুর রাজ্জাক, জামায়েতকর্মী আলী এবং শিবিরকর্মী সুজন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক আদের আটকের খবর নিশ্চিত করেন।
ঝিনাইদহ
সোমবার ভোরে ১৫ জন শিবিরকর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, ঝিনাইদহ শহরের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে ১৪ জন এবং কোটচাঁদপুর উপজেলা থেকে একজনকে আটক করা হয়।
তারা হলেন, আব্দুল মতিন (২০), শহিদুল ইসলাম (১৮), আলামিন (১৭), মোজাফফর হোসেন (১৭), আলম হোসেন (১৮), মিজানুর রহমান (১৭), রুমন আলী (১৭), আমিনুর ইসলাম অন্ত (১৭), আজাদ আলী (২০), খালিদ হাসান শাওন (১৮), মোখলেছুর রহমান (১৭), সাজ্জাদ হোসেন (১৮), মোকাররম হোসেন (১৮), মাহমুদুল হাসান (১৭) ও রফিকুল ইসলাম (২০)।
তাদের কাছ থেকে সংগঠনের লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
হবিগঞ্জ
সোমবার গভীর রাতে শহরের রাজনগরের একটি বাসা থেকে ১০ শিবির নেতা-কর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ শাখার সাবেক সভাপতি আজিজুল হক বাবুল, বর্তমান সভাপতি আমির হামজা, ছাত্রশিবির নেতা মো. ইয়াহিয়া, মাছুম বিল্লাহ, নাজমুল হাসান, রাসেদুল ইসলাম, সোহাগ খান, হাফিজুর রহমান, মনিরাজ হাসান অপু ও আব্দুল জলিল।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মুক্তাদির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট, কম্পিউটার, মোবাইল ফোন, ব্যানারসহ সরকারবিরোধী বিভিন্ন কাগজ উদ্ধার করা হয়।
চাঁদপুর
শহরের একটি ছাত্রাবাস থেকে আট শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মামুনুর রশিদ জানান, রোববার রাত ৩টায় শহরের ট্রাকরোড এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
“আটক শিবিরকর্মীদের কাছ থেকে একটি কম্পিউটার ও নাশকতার ছক আঁকা কাগজপত্র জব্দ করা হয়েছে।”
আটকরা হলেন হাজীগঞ্জ উপজেলার শাখাওয়াত হোসেন (২১), আবু বক্কর সিদ্দিক (১৮), তারেক হোসেন (১৭), সুলতান মাহামুদ (২৪), আলাউদ্দিন (২২), শহরের রহমতপুর কলোনির ফরহাদ আলম (২৩), মতলব উত্তর উজেলার আল-আমিন (২২) ও সদর উপজেলার আশিকাটি গ্রামের মো. সোহেল (২২)।
দুপুরে আদালতে হাজির করা হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
