২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহ অমূলক, প্রমাণ করুন: পুলিশকে মিজানুর

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, প্রকাশক হত্যা ও হামলার ঘটনায় তিন দিনেও কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ হওয়া ‘স্বাভাবিক’।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 04:39 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

সোমবার ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন এক হিন্দু নারীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, “জনগণের মনে এই সন্দেহটি জাগা অস্বাভাবিক নয় যে, প্রশাসনের মধ্যে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এমন কোনো দুষ্টচক্র লুকিয়ে আছে কিনা, যারা এই অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যে কারণে অপরাধীদের ধরা বা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।”

আর এই সন্দেহ ‘অমূলক’ হয়ে থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তা ‘প্রমাণ করতে হবে’ বলে মন্তব্য করেন কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, “যারা অপরাধী, তাদের শনাক্ত করতে হবে, বিচারে সোপর্দ করতে হবে এবং তাদেরকেই প্রমাণ করতে হবে যে তারা অপরাধের সাথে কোনোভাবে আপসকামিতায় বিশ্বাস করে না।”

গত শনিবার ঢাকার লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।

এর কয়েক ঘণ্টা পর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

মিজান বলেন, “অতীতে যে ব্লগারদের হত্যা করা হয়েছে, মুক্তিবুদ্ধির চর্চা যারা করেন- তাদের ওপর যেসব আক্রমণ করা হয়েছে, সেসব ঘটনায় যদি দোষীদের শনাক্ত করে বিচারের ব্যবস্থা করা হত, তাহলে আবারও এ ঘটনা ঘটত না।”

‘প্রকৃত অপরাধীদের’ আইনের আওয়তায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ আর কোনো ‘জজ মিয়া কাহিনী’ শুনতে চায় না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে কমিশনের চেয়ারম্যান গত ২৮ অক্টোবর ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাথিয়ারা জেলে পাড়ায় হামলায় আহত তুলসি রানী দাসের চিকিৎসার খোঁজ খবর নেন এবং মামলার অগ্রগতি জানতে চান।

এসময় তার সাথে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সিভিল সার্জন ইসমাঈল হোসের সিরাজী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম, ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক সারোয়ার জাহান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদসহ সংখ্যলঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজার সময় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ওইদিন স্থানীয় মুসলমানরা জেলেপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর করে। এতে সন্তানসম্ভাবা তুলসি রানী দাসসহ অন্তত ১০ জন আহত হয়।

ঘটনার পরদিন ভোরে মৃত সন্তান প্রসব করেন তুলসী। ওই ঘটনায় ওই বাড়ির জহর লাল দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।