২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যা: আরেকজনের ‘দোষ স্বীকার’

ইতালীয় নাগরিক চেজার তাভেল্লা হত্যা মামলায় গ্রেপ্তার মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 12:46 AM

Updated : 22 Aug 2022, 01:45 PM

তিনি রোববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের কাছে এই জবানবন্দি দেন।

এর আগে গত ২৬ অক্টোবর তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শ্যুটার রুবেল একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে তাভেল্লা হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করে ভাগ্নে রাসেল  জবানবন্দি দিয়েছেন বলে আদালত পুলিশের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানিয়েছেন।

তাভেল্লা হত্যায় জড়িত অভিযোগে গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, ভাগ্নে রাসেল, শ্যুটার রুবেল এবং শাখাওয়াত হোসেন ওরফে শরীফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরদিন হত্যায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দেন রুবেল। অন্যদের আট দিনের রিমান্ডে পায় পুলিশ।

রিমান্ডের পাঁচ দিনের মাথায় আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় রোববার ভাগ্নে রাসেলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। অপর দুই আসামি চাকতি রাসেল ও শাখাওয়াত এখানও রিমান্ডে রয়েছেন।

পুলিশ বলছে, সরকারকে চাপে ফেলার জন্য ‘বাংলাদেশে বিদেশিরা নিরাপদ নয়’ বোঝাতে ‘কোনো একজন শ্বেতাঙ্গকে’ হত্যা পরিকল্পনার অংশ হিসেবেই গুলশানের কূটনৈতিক এলাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে খুন করা হয়।

কথিত এক বড় ভাইয়ের নির্দেশে ‘নির্দিষ্ট টাকার চুক্তিতে’ দুই রাসেল ও রুবেল এই হত্যাকাণ্ডে অংশ নেয় এবং এই কাজে তারা শরীফের মোটরসাইকেল ব্যবহার করে বলেও পুলিশের দাবি।

পুরনো খবর:

তাভেল্লা হত্যা: একজনের স্বীকারোক্তি, বাকিদের রিমান্ড