দিনাজপুরে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
দিনাজপুর সদরে ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান।
নিহত জাহাঙ্গীর আলম (৪০) সদর উপজেলার শশরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পার হওয়ার সময় সবজিবাহী একটি ট্রাক জাহাঙ্গীরকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপর এলাকাবাসী কিছু সময় সড়ক অবরোধ করে রাখে বলেও জানান তিনি।
