২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে তিন বছর আগের এক মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বাগেরহাটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান বুধবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ চাকলাদার (৩৮) রামপাল উপজেলার আব্দুল হাকিম চাকলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজার পাশাপাশি বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৭ জানুয়ারি রাতে সাঈদ তার স্ত্রী রুনা খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।

রামপাল থানা পুলিশ এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যু মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরে ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া গেলে নিহতের বাবা হেকমত আলী ওই বছরের ৪ মার্চ আবু সাঈদ, তার বাবা ও বোনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

রামপাল থানার এসআই মারফত আলী তদন্ত শেষে ২০১২ সালের ২৩ মে রুনার স্বামী আবু সাঈদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অন্য আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহম্মদ আলী। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাহাবুবুর রহমান লাহু।

আদালত শুনানিতে নয়জনের সাক্ষ্য গ্রহণ করে এ মামলায় রায় ঘোষণা করে।