সুন্দরবনে গোলাগুলির পর ‘দস্যু’ আটক, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে ‘বনদস্যুদের সঙ্গে গোলাগুলির’ পর একজনকে আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
আটক শাহীনুর রহমান (৩৪) সাতক্ষীরার তালা উপজেলার মুড়োগাছা গ্রামের ফরু সর্দারের ছেলে। তিনি বনদস্যু ‘ইলিয়াস বাহিনীর’ সদস্য বলে র্যাব দাবি করেছে।
সোমবার রাতে খুলনার কয়রা উপজেলায় পশ্চিম সুন্দরবনের বাদুরঝুলি খালে গোলাগুলির ঘটনা ঘটে বলে মঙ্গলবার সকালে খুলনায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাব-৬ এর অধিনায়ক খুলনার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি এইট শুটার গান, ৭টি দোনলা, ৯টি একনলা ও ৬টি থ্রি-নট-থ্রি বন্দুক এবং ১ হাজার ৫৩১টি বিভিন্ন ধরনের গুলি রয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, দস্যুদের জড়ো হওয়ার খবরে রাতে বাদুড়ঝুলি খালে অভিযান চালানো হয়।
“র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে ইলিয়াস বাহিনীর সদস্যরা গুলি চালায়। র্যাব সদস্যরাও এ সময় পাল্টা গুলি চালায়। ১০ মিনিট গোলাগুলির পর দস্যুরা পিছু হটলে শাহীনুরকে আহত অবস্থায় শুটারগানসহ আটক করা হয়।”
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খালসংলগ্ন চরে পুঁতে রাখা বাকি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা রফিকুল জানান।
উদ্ধার অস্ত্রসহ শাহীনুরকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
