২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দায় নিখোঁজের ছয় দিনের পর এক যুবকের মস্তক-বিচ্ছিন্ন বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 01:16 AM

Updated : 22 Aug 2022, 01:40 PM

নিহত ভজন চন্দ্র দাস (২৮) উপজেলার খারনৈ ইউনিয়নের বাগারপার গ্রামের সুনিল চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা সদরের পশ্চিম বাজারের ড্রেনপাড় এলাকার ফজর আলী (৩৫)নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার সকালে কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারের একটি চাউলকলের চুল্লির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কলমাকান্দা থানার ওসি বশীর আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধারের পর বস্তা খুলে দেখা যায় লাশের মাথা নেই। পরে ঘটনাস্থলের পাশের  ডোবার কচুরিপানার ভেতর থেকে মাথাটি উদ্ধার করা হয়।”

ওসি জানান, গত বুধবার রাতে উপজেলা সদর লাগোয়া গোজাকুনিয়া গ্রাম থেকে সপ্তমীর দিন দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ভজন। বৃহস্পতিবার ভজনের বাবা সুনিল দাস থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

ময়নাতদন্তের জন্যে মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, “মামলা দায়েরের পর ঘাতকদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।”

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শন করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ওসি বশীর।