‘প্রশ্নফাঁস’ নিয়ে বিএমএর বিবৃতির নিন্দায় আন্দোলনরতরা
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁসের’ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তদন্ত কমিটির দেওয়ার বিবৃতির নিন্দা জানিয়েছেন মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার বিকেলে ‘ছাত্র-অভিভাবক ফোরামের’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএমএ-এর বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আন্দোলনকারী শিক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাত বেহেস্তি বলেন, “বিএমএ প্রশ্নফাঁস হয়নি বলে যে বিবৃতি দিয়েছে তা অমূলক। কোন প্রকার তদন্ত ছাড়াই তারা আমাদের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আমরা তাদের এ কথার নিন্দা জানাই।”
“বিএমএ প্রশ্নফাঁসের অভিযোগের কোন প্রমাণপত্র দাখিলের সুযোগ আমাদের দেয়নি। তদন্ত কমিটি নিয়ে আমাদের দাবির প্রতিও কোন কর্ণপাত করেনি। আমরা বদ্ধঘরে কোন তদন্ত চাইনি। আমরা চেয়েছিলাম সব মিডিয়ার সামনে আমাদের বক্তব্য তুলে ধরতে। কিন্তু তারা আমাদেরকে সে সুযোগ দেয়নি।”
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রোববার এক সংবাদ বিবৃতিতে জানায়, প্রশ্নফাঁসের অভিযোগ ভিত্তিহীন ও অমূলক।
ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস হওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে তার নৈতিক ও সুনির্দিষ্ট ভিত্তি নেই বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে।
