২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়া সমাবেশে হামলার নিন্দা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

পুরান ঢাকায় শিয়াদের সমাবেশে বোমা হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 11:28 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

শনিবার ভোররাতে হোসাইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে তিনটি বিস্ফোরণে একজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন।

হামলার নিন্দা জানিয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এক টুইটে লিখেছেন, “শিয়াদের আশুরার সমাবেশে ভয়ানক হামলা। এ ধরনের অসহনশীলতা ও সহিংসতা গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে এক ফেইসবুক পোস্টে নিহতের স্বজন ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

“ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ দিনের ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। এই সংকটকালীন মুহূর্তে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছি,” বলেন তিনি।

Image
মার্শা বার্নিকাট, ফাইল ছবি

মার্শা বার্নিকাট, ফাইল ছবি

Image
রবার্ট গিবসন, ফাইল ছবি

রবার্ট গিবসন, ফাইল ছবি

মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসাইনের (রা.) শহীদ দিবস আরবি মহররম মাসের ১০ তারিখকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে শিয়া মুসলমানরা।

দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো শনিবার ভোররাতে তাজিয়া মিছিলের জন্য হোসাইনী দালানে সমবেত হন কয়েক হাজার শিয়া মতাবলম্বী।

শিয়াদের এই সমাবেশ ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেই রাত ২টার কয়েক মিনিট আগে সেখানে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে।