২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পুলিশের বিরুদ্ধে পক্ষ নিয়ে হয়রানির অভিযোগ

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের বিরুদ্ধে স্থানীয় একজন প্রভাবশালীর পক্ষ নিয়ে প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 12:02 AM

Updated : 12 Oct 2022, 04:19 PM

কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত নামের ওই ব্যক্তি স্থানীয় সংসদ সদস্যের সমর্থনপুষ্ট হিসেবে এলাকায় পরিচিত।

বিরোধের জের ধরে হাসনাতের লোকজন বুধবার রাতে গ্রামের একজনের বাড়িতে আগুন দিলেও এ ঘটনায় পুলিশ কোনো মামলা নেয়নি বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নড়াগাতী থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে বলা হলেও ঘটনাটি রহস্যজনক। তাছাড়া কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।”

তবে কলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ববিরোধের জের ধরে গভীর রাতে তাদের বাড়িতে আগুন দিয়েছেন হাসনাতের অনুসারীরা।

“আমার মা একা বাড়িতে ছিলেন। রাত ১টার পরে মানুষের উপস্থিতি টের পেয়ে হঠাৎ কুকুর ডেকে উঠলে মা ঘর থেকে চিৎকার করতে থাকেন। এরইমধ্যে পেট্রোল ঢেলে ঘরে আগুন দেওয়া হয়।

“মা এ সময় হাসনাতের অনুসারী মধু, হাসান ও হেলালকে আমাদের বাড়িতে দেখেন। পরে এলাকার লোকজন এগিয়ে এলে উনি ঘর থেকে বেরিয়ে আসেন। আগুন নেভাতে নেভাতে ঘরের অনেক কিছু পুড়ে যায়।”

Image
আবুল হাসনাত, তার পক্ষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

আবুল হাসনাত, তার পক্ষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে সকালে থানায় অভিযোগ করতে গেলে ওসি উপস্থিত নেই বলে ফিরিয়ে দেওয়া হয় অভিযোগ করে তিনি বলেন, “পরে বিকালে ওসি এসে বলেছে এটা সাজানো ঘটনা।”

এদিকে গত শুক্র ও শনিবার কলাবাড়িয়ায় হাসনাত ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় একটি দলের সংঘর্ষের পর পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস।

তিনি বলেন, কলাবাড়িয়া বাজারের ব্যবসায়ী ছবর ফকিরের কাছে হাসনাত ‘চাঁদা চাইলে’ তা নিয়ে সংঘর্ষ হয়। শুক্রবার বিকালে হাটের সময় ও পরদিন সকালে দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

“এ ঘটনায় হাসনাতের পক্ষে আগে মামলা করা হয় এবং আসামিরা সবাই পালিয়ে বেড়াচ্ছেন। তাদের পরিবারের সদস্যদের হয়রানি করছে পুলিশ।”

শনিবার সংঘর্ষের পর পুলিশ কলাবাড়িয়ায় অস্থায়ী ক্যাম্প করে বলে জানান তিনি।

“গত পরশু মামলার আসামি রাবু মোল্লার ছেলে নবম শ্রেণির এক ছাত্রকে পুলিশ ধরে দুই হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়,” বলেছেন স্থানীয় শামসু মোল্লা।

অপরদিকে অপরপক্ষ হাসনাতকে প্রধান আসামি করে মামলা করতে চাইলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করা হচ্ছে।

চেয়ারম্যান কায়েস বলেন, জুঙ্গু বিশ্বাস নামে ছবর ফকিরের পক্ষের একজন বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।

“হাসনাতকে প্রধান আসামি করে মামলা করতে চাইলে পুলিশ তা নেয়নি বলে বাদী জানিয়েছেন।”

পরে নড়াগাতী থানায় ১৩/১১৪ নম্বর মামলায় হাসনাত বাদে ৭৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

Image
গভীর রাতে আগুনে পুড়ে যাওয়া ঘরের একাংশ।

গভীর রাতে আগুনে পুড়ে যাওয়া ঘরের একাংশ।

হাসনাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ আরও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন।

কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকালের উপজেলা প্রতিনিধি ওমশিউল হক মিটু জানান, ২০১১ সালের ১০ জুলাই গভীর রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার উপর হামলা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাসনাত।

ওই হামলায় বোমার স্লিন্টারে এক হাত হারান মিটু। তার স্ত্রীও গুলিবিদ্ধ হন।

“তার (হাসনাত) গুলিতে আমার স্ত্রী আহত হয়েছিল,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সাংবাদিক মিটু।

তিনি বলেন, তার উপর হামলার পর উচ্চ আদালত থেকে জামিন এবং পরে বিচারিক আদালতে আত্মসমর্পণের পর কিছু দিন জেল খেটে বেরিয়ে আসেন হাসনাত।

“এমপি মুক্তির ছত্রচ্ছায়ায় এখন সে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে।”