বিলুপ্ত ছিটমহলে যাচ্ছেন গভর্নর
বিলুপ্ত ছিটমহলবাসীকে সহায়তা দিতে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন গভর্নর আতিউর রহমান।
সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর সিএসআর (কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি) কার্যক্রমের আওতায় ছিটমহলবাসীকে গভর্নর বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেবেন বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এছাড়া গভর্নর দেশের উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রার মান সরেজমিন পর্যবেক্ষণ করবেন।
বিলুপ্ত ছিটমহলগুলোর উন্নয়নে কী ধরনের ব্যাংকিং সেবা প্রয়োজন, তাও খতিয়ে দেখবেন আতিউর রহমান।
ফাইল ছবি
গভর্নর ২৪ অক্টোবর শনিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের উন্নয়ন কার্যক্রম এবং ই-লাইব্রেরি উদ্বোধন করবেন এবং সন্ধ্যায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন। রাতে তিনি রংপুর আর্মি মেডিকেল কলেজ চত্বরে রংপুর ব্যাংকার্স ক্লাব আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।
রোববার সকাল ১০টায় দোহোলা খাগড়াবাড়ি পৌঁছানোর পর স্থানীয় লোকদের ব্যাংকিং সেবা প্রদানে সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকের স্থাপিত ৪০টি স্টল উদ্বোধন করবেন এবং স্থানীয় ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় করবেন।এরপর স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন জোরদারে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় বিলুপ্ত ছিটমহলবাসীর মধ্যে বিভিন্ন সহযোগিতা কার্যক্রম বিতরণ করবেন।
ছিটমহলগুলোর সকলের আর্থিক সম্পৃক্ততার জন্য এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য তাদের মাঝে কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলোর কর্তৃপক্ষকে গভর্নর নির্দেশনা দেবেন বলে আসাদুজ্জামান জানান।
গভর্নর বিভিন্ন ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় সেলাই মেশিন, টিউবওয়েল, সোলার প্যানেল, কৃষি উপকরণ, ছাত্রীদের জন্য বাইসাইকেল, স্যানিটারি ল্যাট্রিন, ভ্যানট্রলি, কম্পিউটার, স্কুলব্যাগ, ঢেউটিন, কম্বল, লাউড স্পিকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নগদ অর্থ বিতরণ করবেন।
বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার জেনারেল ম্যানেজার খুরশিদ আলম বাসসকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা এবং ২৫ সদস্যের মিডিয়া টিম গভর্নরের সফরসঙ্গী হবেন।
রোববার বিকালে আতিউর রহমান রংপুর ফেরার পর এজেন্ট ব্যাংকিং প্রোগ্রাম ও সিএসআর কার্যক্রম উদ্বোধন করবেন এবং ১০ টাকার ব্যাংক হিসাবধারীদের মাঝে ঋণ বিতরণ করবেন।
সন্ধ্যায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) এবং রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আরডব্লিউসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন গভর্নর।
২৬ অক্টোবর সোমবার সকালে গভর্নর রংপুর স্টেডিয়ামে গভর্নর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ উদ্বোধন শেষে জয়পুরহাটে কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধন করবেন। বিকেলে বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নতুন গেস্ট হাউজ উদ্বোধন করবেন।
