মীনা অ্যাওয়ার্ড: ‘হ্যালো’র মনির এবার প্রথম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনের জন্য টানা দ্বিতীয় বার ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন মনির হোসাইন।
গত বছরও একই পুরস্কার জিতেছিলেন ‘হ্যালো’র এই শিশু সাংবাদিক। সেবার দ্বিতীয় হলেও এবার হয়েছেন প্রথম।
শিশুদের ওপর পরীক্ষার চাপ নিয়ে ‘পরীক্ষার নির্যাতন বন্ধ হোক’ শিরোনামে মনিরের পুরস্কারজয়ী প্রতিবেদনটি প্রকাশিত হয় ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর।
মনির পুরস্কার হিসাবে ৫০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট পেয়েছেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফের শুভেচ্ছাদূত জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, বাংলাদেশে ইউনিসেফের সহকারী প্রধান লুইস ভনো মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মনিরের সঙ্গে এ বছর বিভিন্ন বিভাগে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন গণমাধ্যমের আরও ৪৪ জন পুরস্কার পান। সৃজনশীল ও সাংবাদিকতায় প্রিন্ট, টেলিভিশন ও রেডিওর দুটি বয়সভিত্তিক শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়।
২০১৩ সালের ১৫ অক্টোবর অবহেলিত পথশিশুদের নিয়ে ‘কে ফেরাবে?’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য গত বছর পুরস্কার পেয়েছিলেন মনির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতার সাইট ‘হ্যালো’র মনির এবার রিপোর্টিং (১৮ বছরের নিচে, প্রিন্ট) বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন। গত বছর এই বিভাগেই তিনি দ্বিতীয় হয়েছিলেন।
সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানে মীনা অ্যাওয়ার্ডজয়ীরা
একইসঙ্গে সৃজনশীল বিভাগে (১৮ বছরের নিচে, প্রিন্ট) দৈনিক সিলেটের ডাক পত্রিকার শিশু সাহিত্য পাতা ‘শিশু মেলা’য় প্রকাশিত ‘পরীক্ষার হলে আতঙ্ক’ শিরোনামে অন্য একটি লেখার জন্যও মনোনয়ন পান তিনি।
পুরস্কার নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এলে তাকে অভিনন্দন জানান প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
তিনি বলেন, “মনির আবার এই পুরস্কার পাওয়ায় আমরা সত্যিই আনন্দিত।
“মনির ও আমাদের প্রশিক্ষিত অন্য শিশুদের উৎসাহ-অনুপ্রেরণার মাত্রা কোন পর্যায়ের, এই পুরস্কার তারই প্রতিফলন।”
“মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয় অবশ্যই হ্যালোর সঙ্গে জড়িত অন্য শত শত শিশুদের প্রেরণা দেবে,” বলেন তিনি।
সিলেট সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত মনির দশম শ্রেণিতে পড়ার সময় ‘হ্যালো’তে কাজ শুরু করেন।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগের ফসল হচ্ছে বাংলা ভাষায় বিশ্বের প্রথম শিশু সাংবাদিকতার সাইট ‘হ্যালো’।
হ্যালোর মাধ্যমে লেখালেখির জগতে আসা মনির ভবিষ্যতে পেশা হিসাবে সাংবাদিকতাকে চিন্তাও করতে শুরু করেছেন।
পরীক্ষার নির্যাতন বন্ধের বিষয়ে লিখে এই পুরস্কার জেতার পর মঞ্চেই উপস্থাপক মনিরের জীবনের পরীক্ষাগুলোর কথা জানতে চান।
জবাবে মনির বলেন, তিনি সবগুলো পরীক্ষায়ই ভালোভাবে পাস করে যাচ্ছেন। তবে বর্তমানে ক্লাসের পরীক্ষা, কোচিংয়ের পরীক্ষা, বিভিন্ন সমাপনী পরীক্ষায় শিশুদের শৈশব নষ্ট হয়ে যাচ্ছে। যাকে নির্যাতনের শামিল বলে মনে করেন তিনি।
২০১৪ সালে সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পাওয়া এই শিক্ষার্থী জানান, দশম শ্রেণিতে থাকতে ‘হ্যালো’র সঙ্গে পরিচয় হওয়ার মাধ্যমেই লেখালেখির জগতে তার পদচারণা।
‘হ্যালো’র জন্য কয়েক ডজন প্রতিবেদন করার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সৃজনশীল লেখালেখিও শুরু করেছেন তিনি।
পরিবারের ইচ্ছায় ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে বিজ্ঞান বিভাগে যাওয়া মনিরের লক্ষ্যে এরই মধ্যে কিছুটা বদলের ছোঁয়া লেগেছে।
সরকারি মেডিকেলে না পড়তে পারলে ভবিষ্যতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে চায়।
তবে চিকিৎসক হলেও লেখালেখি ছাড়বেন না, তাও বলেন তিনি।
মনিরের সঙ্গে ঢাকায় আসা তার বড় ভাই শাহাব উদ্দিন বলেন, বাবা মায়ের আদর থাকে ছোট সন্তানের প্রতি। ওর এই অর্জনে আজ বাবা বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন।
