‘পেটে খাবার না থাকলে পরিকল্পনায়ও কাজ হয় না’
দেশের মানুষের খাদ্য চাহিদা মেটানোকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, পেটে খাবার না থাকলে কোন পরিকল্পনায় কাজ হয় না।
শুক্রবার কৃষি মন্ত্রণালয় ও বিশ্ব খাদ্য সংস্থার উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, “হাঙরি ম্যান ইজ অলওয়েজ অ্যাঙরি। পেটে ভাত না থাকলে ভালো কথাও ভালো লাগে না। পেটে খাবার না থাকলে কোন পরিকল্পনায়ই কাজ হয় না। কোন সমৃদ্ধি আমরা আশা করতে পারি না।”
বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ ছিল উল্লেখ করে তিনি বলেন, “এখন হাত নাড়লে আর ভাতের অভাব হয় না।
৯৮’র বন্যার সময় কেউ কেউ বলেছিল খাদ্যের অভাবে দুই কোটি মানুষ মারা যাবে। খাদ্যের অভাবে এখানে পিঁপড়াও মারা যায়নি।”
৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার সময় ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল বলেও জানান মতিয়া।
“তারা পারল না কেন? এটাই হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা।”
‘বাড়তি খাবার জোগাড় করা হরলিক্সের বিজ্ঞাপন না’ মন্তব্য করে কৃষিমন্ত্রী এ সাফল্যকে ‘সবার সম্মিলিত প্রচেষ্টার ফল’ বলে অভিহিত করেন।
কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “তাদের প্রচেষ্টা আর ঘামই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।”
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “শতকরা আশিভাগ মানুষ এক সময় কৃষিনির্ভর ছিল। এখন সেটা কমেছে। উন্নয়নের সঙ্গে সঙ্গে এটা কমে। তবে এর মধ্যে কৃষিরও উন্নয়ন করতে হয়।”
আমেরিকায় একসময় প্রতি ২০ জনের জন্য একজন কৃষক ছিল জানিয়ে তিনি বলেন, “এখন সেখানে মাত্র ১ শতাংশ মানুষই পুরো খাদ্যের জোগান দিতে পারছে।”
২০২০ সালের মধ্যে দারিদ্রের হার শতকরা ২০ শতাংশে নামিয়ে আনার আশাবাদও ব্যক্ত করেন মুস্তফা কামাল।
খাদ্য সচিব শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শামসুদ্দীন।
অন্যদের মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আযাদ বক্তব্য দেন।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এরমধ্যে সকালে জাতীয় সংসদ এলাকায় একটি শোভাযাত্রা হয়েছে।
এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী খাদ্য মেলা।
