২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ

এক মাসের মধ্যে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান কবীরের বাড়িতে আবার বোমা বিস্ফোরণ হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 04:14 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

বৃহস্পতিবার রাতে শহরের মাঝের পাড়ায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

নিজ দলেরই প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে ‘হামলা চালিয়েছে’ বলে অভিযোগ আসাদুজ্জামানের।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে আসাদুজ্জামান কবীরের বাড়িতে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।

“ঘটনাস্থল থেকে হাত বোমা সদৃশ অবিস্ফোরিত একটি বস্তু এবং বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।”

অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তুটি লাল টেপ দিয়ে মোড়ানো বলে জানান তিনি।

আসাদুজ্জামানের চাচা জাকারিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটচকমকে বলেন, রাতে দুটি মোটরসাইকেলে করে ছয়জন লোক এসে পরপর দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দলের বিপথগামী একটি পক্ষ’ এই বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেন আসাদুজ্জামান।

তবে, হামলাকারী হিসেবে কারও নাম বলেননি তিনি।

এর আগে ১৯ সেপ্টেম্বর রাতেও কবীরের বাড়িতে হাত বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।